আজকের দিনটি ভালোবাসার
‘ভেবেছিলাম আজকে সকাল হলে/ সেই কথাটি তোমায় যাব বলে/ ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে/ পাখির গানে আকাশ গেল পুরে’ সেই কথাটি বলার দিন আজ। সারা দিন মনে মনে লাগবে দোলা, ভালোবাসার রঙে রাঙাবে হৃদয়। আজ সারা দিন ভালোবাসার। বিশ্ব ভালোবাসা দিবস আজ। ইতিহাসের পাতায় সেন্ট ভ্যালেন্টাইনস ডে।
জনশ্রুতি আছে, ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ২৭০ সালে রোমের যাজক ভ্যালেন্টাইন সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে শেষ পর্যন্ত তাঁকে ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিনটি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করার প্রচলন হয়।
‘ভালোবাসা’ ছোট্ট একটি শব্দ। বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী ভিন্ন উচ্চারণে ও শব্দে কথাটি ব্যক্ত করে থাকে। যে নামেই ডাকা হোক না কেন, এর অনুভূতি অভিন্ন। আজ হৃদয় গহনে তারাপুঞ্জের মতো ফুটবে কবিগুরুর মতো, ‘ভালোবাসি, ভালোবাসি—/ এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি...’। তবে আঙুল কেটে রক্তে রক্তে মিলিয়ে দেওয়া, চিঠির ভাঁজে গোলাপের পাপড়ি গুঁজে দেওয়া, পৃষ্ঠার পর পৃষ্ঠা কাব্য চর্চা করা, চণ্ডীদাস অথবা দেবদাসের মতো চরিত্র হয়ে ওঠার অনুষঙ্গগুলো আজকের যুগে উধাও। এর বদলে মুঠোফোন বার্তা, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার জোয়ার বইবে। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর ভালোবাসার উৎসবে মুখর হবে জনপদ। রাজধানীর উদ্যানমালা, বইমেলা, ক্যাম্পাস, কফিশপ, ফাস্ট ফুড শপে আজ প্রিয়জনের সঙ্গে কাটবে অনেকের দিন।
১৪ ফেব্রুয়ারি কেবল যে তরুণ-তরুণীদের, তা নয়। এ দিনে মা-বাবা-সন্তানের ভালোবাসাও দিবসকে বড়মাত্রায় উদ্ভাসিত করে। মা-বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা অফুরান। দেশের প্রতি আছে অফুরন্ত প্রেম।
গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার ঢাকার সব গিফট শপেই ছিল ভিড়। চকলেট, ফুল, পোশাক-আশাকসহ নানা রকমের উপহার বিনিময় হয়েছে।