আজকের দিনটি শুধুই মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মা দিবস। সবচেয়ে আপন মানুষটিকে আরও বেশি ভালোবাসার, আরও বেশি করে মনে করার দিন। সন্তানের জন্য গর্ভধারিণীকে বিশেষভাবে ভালোবাসার আসলে কোনো বিশেষ দিন থাকে না। তার পরও নানা সূত্রে মায়ের অপার মহিমা তুলে ধরারও একটি দিন এসে গেছে। বিশ্বজুড়ে সন্তানেরা আজও মাকে ভালোবাসবে প্রতিদিনেরই মতো। কিন্তু এই দিনটির কথা মাথায় থাকবে যাদের, তাদের মধ্যে কাজ করবে মাকে ভালোবাসার ও তাঁর কাছে ঋণের কথা ভেবে উদ্বেল হওয়ার বাড়তি এক প্রেরণা। আজ তারা অনেকেই মাকে কিছু না কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করবে। আর কিছু না হোক, কাছে গিয়ে প্রাণভরে ‘মা’ বলে ডাকবে। দূরে থাকা মায়ের ছোঁয়া পেতে যে যে পারবে, দ্বারস্থ হবে টেলিফোনের। বাংলাদেশে এ দিবসটি পালন করার চল খুব বেশি দিনের নয়। তথ্যপ্রযুক্তির মহাসড়ক ও স্যাটেলাইট টিভির পথ ধরে মূলত পশ্চিমি যেসব অনুষঙ্গ বিশেষ করে আমাদের নাগরিক জীবনে এসেছে, মা দিবস পালন সেগুলোর একটি। তবে অল্প দিন হলো এলেও ‘ভালোবাসা দিবসের’ মতোই দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। প্রায় দেড় শ বছর আগে যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে গরিবদের স্বাস্থ্যসচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। ১৯০৫ সালে আনা জার্ভিস মারা গেলে তাঁর মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখতে সচেষ্ট হন। ১৯০৭ সালের একদিন আনা মারিয়া একটি স্কুলে দেওয়া বক্তব্যে মায়ের জন্য একটি বিশেষ দিন ঠিক করার গুরুত্ব তুলে ধরেন। এভাবেই শুরু হয় মা দিবস পালন করা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মা দিবস পালিত হয়। কারণ, দিবসটি পালনের সূত্রপাত বিভিন্ন দেশে বিভিন্নভাবে। তবে বেশির ভাগ দেশেই এটি পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববার।