আজকের দিনে একসুতায় বাঁধা পড়েন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা বছর ব্যস্ততা থাকুক ক্ষতি নেই। পূজার দুটি দিন সব বাদ। এই দুই দিন নিজেদের গণ্ডি ছেড়ে বেরোতে নারাজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামের বাসিন্দারা। সকাল থেকে রাত ভোর হয়ে যায় কালীপূজা মণ্ডপে। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁরাও বাড়ি ফিরে আসেন। নারী-পুরুষ, শিশু-কিশোর, নবীন-প্রবীণ নির্বিশেষে সবাই উৎসবে শামিল হন। সব মিলিয়ে নিজেদের একটা আলাদা জগতই তৈরি করে ফেলেন বাসিন্দারা।
উপজেলার সাদুল্যাপুর গ্রামে আজ শনিবার রাতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজাকে ঘিরে কয়েক দিন ধরেই এলাকায় সাজ সাজ রব। এলাকাবাসী জানান, এ পূজা শুরু হয়েছিল প্রায় ২০০ বছর আগে। স্বপ্নাদেশ পেয়ে তখনকার জমিদার মধুসূদন ভাদুরি পূজা শুরু করেন। পরে বংশপরম্পরায় প্রতিবছর এ পূজার আয়োজন হয়ে আসছে। এখন প্রাচীন এই পূজা শুধু ওই পরিবারের মধ্যেই নয়, পূজা উপলক্ষে অনেক দূর থেকে মানুষজন দেবী দর্শনে এখানে আসেন। আর এ গ্রামের মানুষ সারা বছর বিচ্ছিন্ন থাকলেও পূজার দিন এক সুতায় বাঁধা পড়েন।
জানা গেছে, আশপাশের জেলাগুলোর মধ্যে এত বড় কালীপূজা আর একটিও নেই। এই পূজায় ৪০০-৫০০ পাঠা বলি হয়ে থাকে।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এখানে পাঠা বলি দেওয়ার মানত করলে তাঁর ইচ্ছে পূরণ হয়। আয়োজকেরা জানান, উত্তরাঞ্চলের মধ্যে শুধু এখানেই বলি হওয়া এই পাঠাগুলোর মধ্যে প্রথমে পাঁচটি হরিলুটে (কাড়াকাড়ি করে মানুষজন নিয়ে যায়) দেওয়া হয়। পরে বাকি পাঠাগুলো বলি হওয়ার পর মানুষের মধ্যে বিতরণ করা হয়। পূজার জন্য নিয়ে আসা প্রসাদও একইভাবে বিতরণ হয়ে থাকে। পূজা দেখতে উত্তরাঞ্চলের জেলাগুলো ছাড়াও ভারত থেকেও প্রচুর ভক্ত আসতে শুরু করেছেন। আজ এখানে বিরাট মেলা বসবে, কয়েক দিন ধরে তারই প্রস্তুতি চলছে।
ভারতের বালুঘাট থেকে এসেছেন অজয় সরকার (৬৬)। তিনি জানান, বেশ কয়েকবার তিনি এ পূজা দেখতে বাংলাদেশে এসেছেন। এখানে তাঁর কাকার বাড়ি। এবার সঙ্গে করে তাঁর নাতিকেও এনেছেন।
মালাকার হারাধন মোহন্ত জানান, তিনি ২১ বছর ধরে কালী প্রতিমাটি তৈরি করে আসছেন। এবার ১২ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছেন।