আজকের প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে শনিবার
বিরোধী দলের অবরোধের কারণে পিছিয়ে যাচ্ছে বিভিন্ন পরীক্ষা। অবরোধ কর্মসূচি বাড়ানোর ফলে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে আগামী শনিবার। ওই দিন বেলা ১১টায় শুরু হবে পরীক্ষা।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমি বিরোধী দলের আচরণে ক্ষুব্ধ, মর্মাহত। বারবার অনুরোধের পরও পরীক্ষার দিনগুলোতে তারা হিংসাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে, তারা শিশুদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে। কিন্তু আমরা তাদের মতো অমানবিক হয়ে শিশুদের হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না। ’
এর আগে অবরোধের কারণে গতকাল বুধবারের পরীক্ষাও পেছানো হয়। এই পরীক্ষা হবে কাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এদিকে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা নিয়েও বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা ও তা বাড়ানোয় সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে তারা। শেষ মুহূর্তে পরীক্ষা পেছানোয় অনেকে খবর না পেয়ে বিদ্য্যালয়ে গিয়ে ফিরে আসছে। তবে কোনো কোনো প্রতিষ্ঠানে এই কর্মসূচির মধ্যেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাল শুক্রবার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।