আজকের বিশ্বে পিছিয়ে পড়লে টিকে থাকা যাবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, পিছিয়ে পড়া যাবে না। মনে রাখতে হবে, আজকের বিশ্বে পিছিয়ে পড়লে টিকে থাকা যাবে না। আধুনিক যুগের সঙ্গে সংগতিপূর্ণ করে দেশকে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মিলনায়তনে তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে প্রযুক্তিবিষয়ক বহুমাত্রিক আয়োজন ‘ইজোনন্স ২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউটির উপাচার্য ইমতিয়াজ হোসেন। বক্তৃতা করেন আইইউটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শহিদ উল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. ফিরোজ আলম খান, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক রেজোয়ানুল কবীর। পরে শিক্ষামন্ত্রী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা রোবটিকস পরিদর্শন করেন।
ইজোনন্স-এর মূল লক্ষ্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক এবং উৎসবমুখর পরিবেশে একত্র করে তাঁদের ভাব আদান-প্রদানের সুযোগ করে দেওয়া। আয়োজনটি ছিল প্রতিযোগিতামূলক বিভিন্ন অংশে বিভক্ত। রোবোম্যানিয়া নামক রোবটিকস প্রতিযোগিতায় অংশ নেয় ৬৮টি দল। হার্ডওয়্যারভিত্তিক প্রকল্প প্রদর্শনে অংশগ্রহণ করে ৪৬টি দল। আর ১০ দল সফটওয়্যারভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। এ ছাড়া বিজনেস কেস স্টাডি, ম্যাটল্যাব কোডিং চ্যালেঞ্জ এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেন দেড় শতাধিক শিক্ষার্থী। দেশের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৫০ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেন।
আয়োজনের সহযোগী পার্টনার স্বপ্ন নিয়ে-প্রথম আলো, গণমাধ্যম-সহযোগী ইনডিপেনডেন্ট টেলিভিশন ও রেডিও ফুর্তি। এ ছাড়া তথ্যপ্রযুক্তিবিষয়ক সহায়তা দেয় স্পার্ক আইটি।