আজকের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের প্রহারে কেরানীগঞ্জের তেঘড়িয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর চোখে আঘাত পাওয়ার ঘটনা সরেজমিনে তদন্ত করে আজ সোমবারের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল রোববার শিক্ষামন্ত্রী এই নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং আহত ছাত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।কয়েক দিন আগে কেরানীগঞ্জের তেঘড়িয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে জারদীশ আহমেদ নামের এক শিক্ষক বেদম প্রহার করেন বলে অভিযোগ ওঠে।ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা নিষিদ্ধ। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে পরিপত্রও জারি করে। কিন্তু এর পরও বিভিন্ন জায়গায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে।