আজ সোমবারের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা। দাবি আদায়ে তাঁরা গতকাল খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বড় খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল হক মতিন। লিখিত বক্তব্যে বলা হয়, বড়পুকুরিয়া কয়লাখনির এক হাজার ২০০ শ্রমিক প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন। কিন্তু তাঁদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আগামীকাল (আজ) সোমবারের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া না হলে পরের দিন মঙ্গলবার থেকে শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর ঘোষণা দেন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থপনা পরিচালক কামরুজ্জামান শ্রমিক-কর্মচারীদের স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে তাঁর কিছুই করার নেই।