আজকের মধ্যে বিদ্যুৎকেন্দ্র বাতিল চান এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনরত বাঁশখালীর গণ্ডামারার সাধারণ মানুষের সঙ্গে গতকাল দুপুরে কথা বলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তাঁদের গুলির খোসা দেখাচ্ছেন এক গ্রামবাসী l ছবি: প্রথম আলো
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনরত বাঁশখালীর গণ্ডামারার সাধারণ মানুষের সঙ্গে গতকাল দুপুরে কথা বলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তাঁদের গুলির খোসা দেখাচ্ছেন এক গ্রামবাসী l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আজ শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে বাতিলের ঘোষণা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গণ্ডামারায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল থেকে এ আহ্বান জানানো হয়।
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরকার প্রকল্পটি বাতিল না করলে কাল রোববার সকালে কাফনের কাপড় পরে উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গণ্ডামারার বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী। বাঁশখালীতে গুলিতে চারজনের প্রাণহানির ঘটনায় গণ্ডামারা ইউনিয়নের হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই স্মরণসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
এর আগে গতকাল দুপুরে প্রকল্পটি বাতিলের দাবিতে একই মাঠে এলাকাবাসীর পক্ষে মানববন্ধন করা হয়। এই কর্মসূচিতে আন্দোলনকারী গ্রামবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
৪ এপ্রিল কয়লাবিদ্যুৎ প্রকল্পের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় হত্যা, পুলিশের কাজে বাধাদানসহ পৃথক তিনটি মামলায় তিন সহস্রাধিক লোককে আসামি করা হয়। লিয়াকতসহ ছয়জনের নাম উল্লেখ করা হয় দুই মামলায়।
সংঘর্ষে নিহত আনোয়ারুল ইসলামের বড় ভাই বদি আহমেদের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, এনামুল হক সিকদার, আবদুর রহমান, শওকত চাটগামী প্রমুখ।
সভায় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘এটি কোনো দলের আন্দোলন
নয়, এটি মানুষের আন্দোলন। দুই মাস আগে থেকে শুনতে পাচ্ছি এস আলম মিল কারখানা না করে কয়লাবিদ্যুৎ প্রকল্প করবে। এতে দৈনিক ১০ হাজার মেট্রিক টন কয়লা জ্বলবে। এর প্রতিবাদে লোকজন সমাবেশে এলে পুলিশ গুলি করে। প্রকল্পটি বাতিলের জন্য আরও এক দিন সময় (শনিবার সন্ধ্যা পর্যন্ত) বাড়িয়ে দেওয়া হলো। এর মধ্যে বাতিল ঘোষণা না হলে পরদিন কাফনের কাপড় পরে উপজেলা প্রশাসন ঘেরাও করা হবে।’
সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, শক্তিশালী কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সমাবেশে নিহত মতুর্জা আলীর মেয়ে পটু আক্তার বলেন, ‘পুলিশ আমার বাবাকে গুলি করেছে। এর বিচার চাই।’ নিহত মতুর্জার ফুফু সোনিয়া খাতুন দাবি করেন, তাঁর দুই ভাতিজা ও নাতনি জামাইকে পুলিশই গুলি করেছে। তিনি পুলিশের বিচার চান।
গতকাল সকাল থেকে গণ্ডামারা ইউনিয়ন ছাড়াও আশপাশের সরল, ছনুয়া ও শেখেরিখল এলাকা থেকেও লোকজন স্মরণসভায় আসতে থাকে। দুপুরের পর থেকে লোকজন মিছিল নিয়ে স্মরণসভায় জড়ো হয়। বিদ্যালয় মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের সড়কেও লোকজন অবস্থান নেয়।
তবে গতকালের স্মরণসভায় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন না।
সংহতি প্রকাশ: গণ্ডামারায় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘জনগণের দাবি যৌক্তিক। সরকারের দায়িত্ব জনগণের কথা শোনা। সরকার তা শোনেনি। এখানে জীবনহানির জন্য সরকার ও কোম্পানি দায়ী। কারণ, জাতীয় ও আন্তর্জাতিক আইনে এ ধরনের প্রকল্প করার আগে সমীক্ষা করতে হয়। পরিবেশের ছাড়পত্র নিতে হয়। এখানে তা করা হয়নি বলে জেনেছি। পরিবেশের সমীক্ষার পর জনগণের মতামত নিতে হবে। বিশেষ করে প্রকল্প এলাকার। প্রকল্পটির জন্য খাসজমিও নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরীক্ষা ছাড়া প্রকল্পটি করা হচ্ছে।’
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, সব উন্নয়ন জনগণের জন্য। উন্নয়নের জন্য জনগণ ক্ষতিগ্রস্ত হলে তা উন্নয়ন নয়। তিনি বলেন, ‘এ প্রকল্প চাই না। যেটি জনজীবনের জন্য ক্ষতিকর সেটি কেন হবে?’
এদিকে বাঁশখালীতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম। দলের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গতকাল এক বিবৃতিতে বলেন, সময়মতো সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনা সুরাহার উদ্যোগ নিলে এই হত্যাকাণ্ড ঘটত না। আন্দোলনকারী জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান দাবি করা হয় বিবৃতিতে। একই সঙ্গে গণহারে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।