হরতালে চট্টগ্রাম আদালতের কার্যক্রমে অংশ নেওয়া না-নেওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতিকে সময় বেঁধে দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের জের ধরে গতকাল সোমবার দুপুরে আওয়ামীপন্থী আইনজীবীদের তলবি সভা শেষ হওয়ার আগেই বিএনপিপন্থীরা ভন্ডুল করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে টানা হরতালের মধ্যে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো এজলাসে যান বিচারকেরা। তবে শুনানি না করতে বিএনপিপন্থী আইনজীবীদের অনুরোধে এজলাস ছেড়ে যান তাঁরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী যে দলই হরতাল ডাকুক না কেন, কোনো আইনজীবী শুনানিতে অংশ নেন না। ১৯৮৯ সালে সর্বসম্মতিক্রমে বার এ সিদ্ধান্ত নেয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গতকাল সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচারিক হাকিমসহ ৩০ থেকে ৩৫ জন বিচারক এজলাসে বসেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা এসে শুনানি না করার অনুরোধ করলে তাঁরা এজলাস ছেড়ে যান।
বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মো. আবদুস সাত্তার জানান, সরকারি কৌঁসুলিদের উপস্থিতিতে বিচারকেরা এজলাসে উঠেছিলেন। তাঁদের অনুরোধ করা হলে এজলাস থেকে নেমে যান।
গতকাল দুপুর সাড়ে ১২টায় বারের ৩ নম্বর মিলনায়তনে আওয়ামীপন্থী আইনজীবীরা সাধারণ আইনজীবীদের নিয়ে তলবি সভা করেন। এর উদ্যোক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মির্জা কছির উদ্দিন অভিযোগ করেন, সভা চলাকালে বিএনপিপন্থী কিছু আইনজীবী এসে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং চেয়ারও ভাঙচুর করেন। একপর্যায়ে সভা ভন্ডুল হয়ে যায়। পরে বিএনপিপন্থী কিছু আইনজীবী এসে অনুরোধ করেন মঙ্গলবার (আজ) বেলা দুইটা পর্যন্ত সভা মুলতবি রাখতে।
কছির উদ্দিন জানান, মঙ্গলবার বেলা দুইটার মধ্যে সমিতি কোনো সিদ্ধান্ত দিতে না পারলে তাঁরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন।
তবে সভা ভন্ডুল করার কথা অস্বীকার করে বিএনপিপন্থী আইনজীবী নেতা মো. আবদুস সাত্তার জানান, মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগে কোনো তলবি সভা না করতে তাঁদের বলা হয়েছে শুধু।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আজ মতবিনিময় সভার দিন ধার্য রয়েছে। এতে যে সিদ্ধান্ত আসবে, তা-ই কার্যকর হবে। আওয়ামীপন্থী আইনজীবীদের তলবি সভার বিষয়ে তিনি বলেন, এ সভার সিদ্ধান্ত সমিতি মানতে বাধ্য নয়। তলবি সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা বাস্তবায়নের জন্য সমিতিকে অনুরোধ করতে পারে তারা।
আওয়ামীপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা বারের ১ নম্বর মিলনায়তনে গতকাল সকালে আরেকটি সভা করেন। ওই সভায় আগামী রোববার পর্যন্ত আইনজীবী সমিতিকে সময় বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে সরকারি কৌঁসুলি আবুল হাশেম জানান, রোববারের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে সাধারণ আইনজীবীরা হরতালে শুনানিতে অংশ নেবেন।