বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ভালো মানুষ তৈরির জন্য সুন্দর কিছুর স্পর্শ দরকার। আজকের যারা শিশু এবং শিক্ষার্থী তাদের মধ্যে সুন্দর স্বপ্ন তৈরি করতে হবে। এরাই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এরাই দেশের ভবিষ্যৎ। এ জন্য তাদের হূদয়কে জাগিয়ে তুলতে হবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি-সংক্রান্ত স্কুলশিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভায় এ কথা বলেন। এতে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি সংগঠক উজ্জ্বল হোসেন। শেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এতে সভাপতিত্ব করেন। সিটিব্যাংক এনএ ফাউন্ডেশনের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে।শেরপুর সদর, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নির্বাচিত ৭৫টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও একজন করে সহকারী শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তারা এতে অংশ গ্রহণ করেন। আলোকিত মানুষ গড়তে শেরপুরের এ তিনটি উপজেলায় মডেল হিসেবে ওই সব হাইস্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি জেলা শিক্ষা অফিসের মাধ্যমে সিটি ব্যাংকের অর্থায়নে এ বছর থেকে শুরু হতে যাচ্ছে।