আজকের হরতালে মাঠে থাকবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা আজকের হরতালের বিরুদ্ধে সভা-সমাবেশের মাধ্যমে মাঠে থাকবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।গতকাল রোববার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানানো হয়।বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি অনুরোধ, হরতালে দেশকে স্বাভাবিক রাখুন। ওদের হরতাল প্রত্যাখ্যান করুন।’যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ সফল করতে ১৪ দল এই বৈঠক করে। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন পাস হওয়ায় ১৪ দলের বৈঠক থেকে অভিনন্দন জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, শাহবাগের গণজাগরণের প্রত্যয় আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রত্যয়কে ভয় পেয়ে রাজীবের মতো ছেলেকে তারা হত্যা করেছে। বিএনপির ছত্রচ্ছায়ায় জামায়াত এই হামলা করার সুযোগ পেয়েছে।মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, নাজমুল হক প্রধান, এনামুল হক, ওয়াজেদুল ইসলাম, আবদুস সামাদ, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।