আজকের হরতালের আগেই বগুড়ায় জামায়াতের ভাঙচুর
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় সর্বাত্মক হরতাল পালনের জন্য স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। হরতালের সমর্থনে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে শহরের স্টেশন রোডে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। রাজশাহীর সাবেক এই সাংসদকে খুলনায় গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে আজ মঙ্গলবারের ডাকা আধা বেলা হরতালের সমর্থনে বগুড়ায় এই হরতাল আহ্বান করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলোকে জানান, সন্ধ্যায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের বের করা ওই মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন প্রথম আলোকে বলেন, হরতালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের মাঠে থাকবেন। শান্তিপূর্ণ হরতালে বাধা দেওয়ার চেষ্টা হলে বা নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার জামায়াতের ডাকা আধা বেলা হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জেলাজুড়ে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।