আজন্ম যোদ্ধা - এটাই আমাদের শক্তি

আমার এ লেখাটি মূলত এই সময়ের তরুণদের জন্য, যারা কেব্ল টিভির কারণে ছোটবেলা থেকে একধরনের ধারণা নিয়ে বড় হয় যে তারা যদি বাংলাদেশে না জন্মে পাশ্চাত্যের কোনো উন্নত দেশে জন্মাত, তাহলে তারা জীবনে অনেক বড় কিছু করতে পারত, জীবনটা অনেক সুন্দর হতে পারত। যারা ভাবে বাংলাদেশের নানা সমস্যা—বিদ্যুৎ, পানি, দ্রুতগতির ইন্টারনেটের অভাব, যেখানেই যাই সেখানেই দুর্নীতি, স্বজনপ্রীতি। এসব কারণে এই দেশে কিছু করাটা বড়ই কঠিন, পদে পদে বাধা; এত সমস্যা থাকলে জীবনে বড় কিছু করব কীভাবে?
বাংলাদেশে আমরা যখন সকালে ঘুম থেকে উঠে কল ছাড়ি, দেখি পানি নেই। সমস্যা নেই, কারণ গত রাতেই পানির বালতি ভরে রেখেছিলাম। স্কুল-কলেজে যেতে সময় লাগে এক ঘণ্টা, কিন্তু আমরা গিয়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকি দুই ঘণ্টা আগেই, যদি প্রথম কয়েকটা বাসে জায়গা না পাই? বাসায় ফিরেই হোমওয়ার্ক করে ফেলি, কারণ একটু পরেই বিদ্যুৎ চলে যাবে, কখন আসবে তার ঠিক নেই। অফিসে কোনো জরুরি ফাইল নিয়ে যাওয়া দরকার, প্রথমে নিজেকে ই-মেইল করি, একই সঙ্গে ফাইলটার একটি কপি পেনড্রাইভে ভরে নিয়ে যাই, একটা প্রিন্ট-আউটও বের করে নিই, যেন অফিসে বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলেও সমস্যা না হয়। এভাবে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতি পদে ‘ফরওয়ার্ড প্ল্যানিং’ করি, কয়েকটা ‘ব্যাকআপ’ সঙ্গে রাখি, অবচেতনভাবে প্রতি মুহূর্তে ‘রিস্ক অ্যানালাইসিস’ করতে থাকি। আমাদের পাশ্চাত্যের কিশোর-তরুণদের মতো লাখ টাকা খরচ করে এসব কোর্স করতে হয় না, আমরা বড়ই হই এসব গুণ নিয়ে।
পাশ্চাত্যের একটা ছেলে বা মেয়ে সকালে উঠে বাথরুমে গিয়ে একটা কল ছাড়লে ঠান্ডা পানি পায়, আরেকটা কল ছাড়লে গরম পানি পায়। বাসা থেকে বের হয়ে কয়েক পা হাঁটলেই বাসস্ট্যান্ড, যেখানে ঘড়ি ধরে সময়মতো শীতাতপ নিয়ন্ত্রিত বাস এসে হাজির হয়। স্কুলে, অফিসে যেখানেই যায়, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট। বছরে এক ঘণ্টাও লোডশেডিং হয় না। এরা ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক, সময়মতো, কোনো চেষ্টা ছাড়াই পেয়ে যায়। যার ফলে এরা বড় হয় আমাদের চেয়ে অনেক কম সংগ্রাম করে। বাস আসতে ১৫ মিনিট দেরি হলে এরা ক্লাস মিস করে ফেলে। স্কুলের কম্পিউটারে কখনো ইন্টারনেট কাজ না করলে সোজা গিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে হাত-পা ছেড়ে গোবেচারার মতো বসে থাকে। অফিসে গিয়ে যখন কাজ শুরু করে এবং প্রথমবারের মতো জীবনের বাস্তবতার সম্মুখীন হয়, তখন এদের সারা দিন শুধুই ঘ্যানঘ্যান করা ছাড়া কাজের কাজ কিছু করতে দেখা যায় না। বরং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে দেখা যায় ভারতীয়রা এদের ঘোল খাইয়ে অফিসের উঁচু পদগুলো দখল করে রাখে। এদের কারণে প্রতিবছর কোম্পানিগুলোকে লাখ লাখ টাকা খরচ করতে হয় তাদের ‘ফরওয়ার্ড প্ল্যানিং’, ‘রিস্ক অ্যানালাইসিস’, ‘ডিজাস্টার রিকভারি’ শেখাতে গিয়ে।
বাংলাদেশে বড় হওয়ার হাজারো সমস্যা এটা ঠিক। কিন্তু এই সমস্যাগুলো মোকাবিলা করতে গিয়ে আমরা যা কিছু শিখি, সেগুলো আমাদের জীবনের কঠিন সমস্যাগুলো পার করার জন্য তৈরি করে। এ কারণেই দেখা যায়, বাংলাদেশ থেকে অনেক সংগ্রাম করে যখন কোনো তরুণ বিদেশে যায়, তার হু হু করে অগ্রগতি হতে থাকে। আমি যখন প্রথম ইংল্যান্ডে আসি, চারদিকে তাকিয়ে আমি অবাক হয়ে যেতাম, ‘আরে! এখানে দেখি জীবন খুবই সহজ।’ আসার আগে ভেবেছিলাম ইংল্যান্ডে এসে একা একা কঠিন সময় পার করব, কিন্তু এসে দেখি উল্টো ঘটনা। প্রতিদিন যে হাজারো সংগ্রাম করে বাংলাদেশে কাজ করতে হয়, প্রতিটা কাজের জন্য ১০ গুণ বেশি পরিশ্রম করতে হয়, আট ঘণ্টার কাজ
করতে লাগে ১৪ ঘণ্টা, এখানে তার কিছুই করতে হয় না! যার কারণে দেখা যায়, এখানে এসে খুব সহজেই এখানকার খাস ব্রিটিশদের টেক্কা দিয়ে ওপরে উঠে যেতে পারি।
তবে পাশ্চাত্যের দেশগুলোর সবকিছুই যে খারাপ, তা নয়। এখানে ভালো অনেক কিছুই আছে। এখানে যে ব্যপারগুলো আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে তা হলো এখানে সুবিচার এবং সমতা রয়েছে এবং এটাকে এরা খুব সহজে মেনে নিয়েছে। একদম উঁচু পর্যায়গুলো ছাড়া অন্য কোথাও এখানে ঘুষ দিতে হয় না। সরকারি সেবা সংস্থাগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে, কোনো ধরনের ঘুষ না নিয়ে। খাবারের দোকানে গেলে দেখবেন মাইক্রোসফটের সিইও থেকে শুরু করে ফেসবুকের দারোয়ান, সবাই এক লাইনে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য, কেউ কাউকে টপকানোর চেষ্টা করছে না। কোনো মন্ত্রীর ছেলে এলে আপনাকে ছেড়ে তাকে খাতির করার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় না। যেই লোকটা গাড়ি ধুয়ে দেয়, তাকে গাড়ির মালিক টাকা দেওয়ার পর, হ্যান্ডশেক করে ‘থ্যাংক ইউ’ বলে। পিৎজার দোকানে যেই ছেলেটা খাবারের অর্ডার নিতে আসে, সে কোয়ান্টাম ফিজিক্সে পিএইচডি করছে এবং পিৎজার দোকানে কাজ করে পড়ার খরচ চালাচ্ছে। এই অদ্ভুত সমতা এবং নিয়মশৃঙ্খলা আছে দেখেই এই দেশগুলোতে থাকাটা এত সহজ, শান্তির এবং আনন্দের। বাংলাদেশে যদি এই পর্যায়ের সমতা, আইনশৃঙ্খলা বাস্তবায়ন করা যেত, তাহলে আমাদের দেশটা কত সুন্দর হতো চিন্তাও করা যায় না! আমাদের দেশের একটা বড় সুবিধা হলো: এখানে এখনো পাশ্চাত্যের দেশগুলো এবং আমাদেরই পাশের দেশ ভারতের মতো চরম পর্যায়ের নৈতিক অবক্ষয়, পরিবারিক ভাঙন, সামাজিক অবক্ষয় হয়ে যায়নি। এখনো আমাদের পরিবার, সমাজ যথেষ্ট সুন্দর আছে। এর সঙ্গে যদি জাস্টিস এবং সমতা যোগ হয়, তাহলে এ দেশটির মতো সুন্দর দেশ আর পাওয়া যাবে না।
এখন আপনি দুটো কাজ করতে পারেন, বাংলাদেশের সমস্যাগুলো দেখে সারা দিন সেটা নিয়ে মানুষের কাছে ঘ্যানঘ্যান করতে পারেন, অথবা নিজে থেকে এগিয়ে আসতে পারেন, সেগুলো সমাধান করতে। সেটা করার জন্য আপনাকে দেশের মন্ত্রী হতে হবে না। আপনার বাড়ির দারোয়ান, ড্রাইভার, অফিসের কেরানি, নিচের পদের কর্মচারী থেকে শুরু করে দিন। দারোয়ান আপনাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়, কালকে থেকে আপনি তাকে আগে সালাম দিন। আপনার অফিসের কেরানি চা দিয়ে গেলে, চায়ে সর পড়ে আছে কেন এই নিয়ে বকাঝকা না করে, তার পরিবারের খোঁজখবর নিন, তার বাড়িতে গিয়ে একবার দেখে আসুন সে কীভাবে থাকে। মহল্লার এতিমখানাগুলো একবার ঘুরে আসুন। বাসে ওঠার সময় ধাক্কাধাক্কি না করে, ভদ্রলোকের মতো লাইন ধরে উঠুন। শিক্ষিত মানুষের মতো ট্রাফিক সংকেত মেনে চলুন। সভ্য মানুষের মতো রাস্তাঘাটে নাক না ঝেড়ে, পানের পিক না ফেলে চলার অভ্যাস করুন। বিদেশে গেলে এসব কাজই আপনি ঠিকমতো করতেন। তাহলে দেশে থেকে করছেন না কেন? আপনি বদলান, অন্যরাও বদলাবে।
ওমর আল জাবির
ব্রিটিশ টেলিকমের (বিটি) সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিসের (স্যাস) চিফ আর্কিটেক্ট। ২০০৮ সালে ওমরের লেখা বিল্ডিং আ ওয়েব ২.০ পোর্টাল উইথ এএসপি ডট নেট ৩.৫ বই প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা ও’র্যালি। ২০০৫ সালে ওমর আল জাবির ‘পেইজ ফ্লেক্স’ নামে একটা স্টার্ট-আপ পেজ চালু করেছিলেন। এক বছর পর এটি গুগল, ইয়াহুকে হারিয়ে এক নম্বর ‘স্টার্ট পেজ’ ওয়েবসাইটের পুরস্কার পায়। ওমর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন। এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশলে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন। একই সঙ্গে ডিগ্রি নিচ্ছেন ইসলামি শিক্ষা বিষয়ে।