ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা সংগীতশিল্পী আজম খানকে দেখতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান।রাষ্ট্রপতি আজম খানের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। এ সময় শিল্পীর পরিবার থেকে রাষ্ট্রপতির কাছে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাসেবার সুযোগ দেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপতি তাঁদের ইতিবাচক আশ্বাস দিলে রাত সাড়ে ১০টায় সিএমএইচে ভর্তির জন্য শিল্পীকে স্কয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা তিনটায় আজম খানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে পরিবারের সদস্য ও অন্যরা বৈঠক করার পর তাঁকে সিএমএইচে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। ওই বৈঠকে উপস্থিত গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রথম আলোকে বলেন, আজম খান শুধু একজন শিল্পীই নন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধাও। বর্তমানে তাঁর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এসব বিষয় চিন্তা করে আমরা সবাই মিলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ গত ২২ মে আজম খান অসুস্থতা বোধ করলে ওই দিনই তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বর-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে।