আজম খানের অবস্থা অপরিবর্তিত
সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, আজম খানের শরীরে রক্ত চলাচল স্বাভাবিক। গত সোমবার রাত থেকে রক্ত চলাচলের জন্য দেওয়া ওষুধটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। আপাতত লাইফ সাপোর্ট দিয়েই বাঁচিয়ে রাখা হবে আজম খানকে। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।গত শনিবার বিকেলে আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। আজম খানের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী জানান, এক্স-রে করার পর দেখা যায়, আজম খানের ফুসফুসের অবস্থার অবনতি হয়েছে। তাই এ মুহূর্তে লাইফ সাপোর্ট খুলে ফেলা সম্ভব নয়। লাইফ সাপোর্টে তাঁকে এক মাসেরও বেশি সময় পর্যন্ত রাখা যাবে। তবে এভাবে কত দিন রাখা হবে, তা আজম খানের পরিবারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।প্রসঙ্গত, গত ২২ মে থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন পপসম্রাট আজম খান। ২৭ মে থেকে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।