আজমত উল্লা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে নেতা-কর্মী এবং সাধারণ মানুষের দূরত্বের কারণে গাজীপুর সিটি নির্বাচনে আজমত উল্লা খান পরাজিত হয়েছেন বলে মনে করেন এ নির্বাচন থেকে সরে দাঁড়ানো মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কারণ, তিনি জনগণকে খুশি করার চেষ্টা না করে প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে খুশি করার জন্য চেষ্টা করেছেন।
আওয়ামী লীগের নেতাদের চাপে আজমত উল্লার সমর্থনে শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গীর আলম গতকাল রোববার প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতারা ও কেন্দ্রের কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেননি। মাঠের সঠিক চিত্র না দিয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছেন।
আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গাজীপুরে আওয়ামী লীগের এ পরাজয়ে সিটি করপোরেশন এলাকার নির্বাচিত সাংসদদের জনবিচ্ছিন্নতাও একটা বড় কারণ বলে মনে করেন ছাত্রলীগের সাবেক এই নেতা। তিনি বলেন, ‘আমাদের এমপিরা ভুলে গেছেন, মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হয়।’
জাহাঙ্গীর আলম বলেন, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই। জেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে।