আজমত উল্লাকে সমর্থন দিলেন এরশাদ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।দলের নেতা-কর্মীদের এখন থেকে তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর গুলশান এলাকায় একটি ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এই নির্দেশ দেন। এরশাদ জানান, গত ২ জুলাই বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান ও মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা তাঁর সঙ্গে দেখা করে দোয়া চান।তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে দুই প্রার্থীকে দোয়া করেন, তবে কাউকে সমর্থন দেননি।কিন্তু মান্নান বাইরে এসে বলেন, দোয়ার পাশাপাশি তাঁকে সমর্থনও দিয়েছেন তিনি।এতে সমর্থন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা কাটানোর জন্য আজ আজমত উল্লাকে সমর্থন দেওয়া হয়েছে।এ ছাড়া যেহেতু জাতীয় পার্টি এখনো মহাজোটে আছে, তাই মহাজোট-সমর্থিত প্রার্থীকেই জাতীয় পার্টি সমর্থন দিয়েছে। এর আগে গতকাল বুধবার জাতীয় পার্টির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো মেয়র প্রার্থীকে সমর্থন দেয়নি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কোনো একজন প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সমর্থনের কথা প্রচার করা হয়েছে বা হচ্ছে—যা আদৌ সত্য নয়। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেওয়ার অধিকার রাখেন না।
ওই চিঠিতে আরও জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাত্ করে দোয়া চেয়েছেন। পার্টির চেয়ারম্যান তাঁদের শুভকামনা ও দোয়া করেছেন। কাউকে সমর্থন দেওয়ার কথা বলেননি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ গাজীপুর সিটি করপোরেশনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন।
এ ঘটনার পর নির্বাচন অনুষ্ঠানের এক দিন আগে আজ মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন জানায় জাতীয় পার্টি।
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘পার্টির চেয়ারম্যান শেষ মুহূর্তে আজমত উল্লা খানকে সমর্থন দিয়ে আমাদের বেইজ্জত না করলেও পারতেন। আমরা আগেও বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। এখনো আমরা আগের অবস্থানেই আছি।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কাজী মাহমুদুল হাসান মনোনয়নপত্র তুলেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি সরে আসার পর থেকে জেলা জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরা বিএনপির প্রার্থী এম এ মান্নানের পক্ষে কাজ করে আসছেন।