আজমত উল্লাকে ৪০ শ্রমিক সংগঠনের সমর্থন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খানকে সমর্থন দিয়েছেন ৪০টি শ্রমিক সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে তাঁরা সমর্থনের ঘোষণা দেন।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন। এতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোটসহ ৪০টি সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা আজমত উল্লা খানকে সমর্থন জানিয়ে গাজীপুরের শ্রমিকদের কাছে দোয়াত-কলম মার্কায় ভোট চান।
এ সময় জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও জাসদ নেতা শিরীন আখতার বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে এক হতে হবে। শ্রমিকবান্ধব ব্যক্তি হিসেবে মেয়র পদে আজমত উল্লা খানকে দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের আহ্বান জানাই।’
দুই প্রার্থীর প্রচারণা: আজমত উল্লা গতকাল সকালে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে টঙ্গীর গাজীপুরা এলাকার পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কাছে ভোট চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান গতকাল বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে টঙ্গীর সেনাকল্যাণ ভবনসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।