আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া মো. আজমত উল্লা খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ৪০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহকারী জাহিদ আল মামুনকে সতর্ক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান গতকাল বুধবার সকালে ওই দুজনকে পৃথক চিঠি দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লা খানকে সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত করার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার বিকেলে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিশাল মিছিল ও মোটর শোভাযাত্রা বের করেন। অন্যদিকে জাহিদ ২৪ মে সদর উপজেলার মেঘডুবি এলাকার নিজ বাড়িতে মেজবানির আয়োজন করে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ওই দুটি ঘটনায় প্রথম আলোয় গতকাল বুধবার ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা দুজনকে চিঠি দেন।
আজমত উল্লাকে পাঠানো নোটিশে উল্লেখ রয়েছে, ‘মিছিলের আয়োজন না করতে একাধিকবার মৌখিকভাবে অনুরোধ করা হয়েছিল। তার পরও আপনি সভা ও মিছিলে অংশ নেন। ওই কার্যকলাপে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা, ২০১০-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এ ধরনের মিছিল ও সভা করার জন্য কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—পত্রপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এর কারণ ব্যাখ্যার জন্য অনুরোধ করা হলো।’
অন্যদিকে জাহিদকে চিঠি দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।