আজমতকে সমর্থন দেওয়ায় কোনো ক্ষতি হয়নি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন দেওয়ায় জাতীয় পার্টির কোনো ক্ষতি হয়নি। তবে কী কারণে শেষ মুহূর্তে সমর্থন দেওয়া হয়েছে, তা তিনি ‘একদিন’ জানাবেন বলে উল্লেখ করেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির তথ্য উপস্থাপনবিষয়ক সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।
সম্মেলনে নানা বিষয়ে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে হারার প্রধান কারণ শাহবাগ চত্বর। এই শাহবাগ চত্বর দেশকে বিভক্ত করেছে। এর কারণে হেফাজতে ইসলাম সৃষ্টি হয়েছে।
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের সমালোচনা করে এরশাদ বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যেখানে রায়ের পর আইন পরিবর্তন হয়। এখানে যুদ্ধাপরাধের বিচার বলে এ বিষয়ে কেউ কথা বলেনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দেশ ঠিকভাবে চলছে না। একজন পাতি নেতার কথায়ও ওসি, এসপি, ডিসি বদলি হয়। হুকুম দিয়ে মানুষ মারা হয়। ‘অথচ আমি মাত্র দুজন (ডা. মিলন ও নূর হোসেন) লোকের মৃত্যুর কারণে ক্ষমতা ছেড়েছি।’
আজকের এই সম্মেলনে জাতীয় পার্টির শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি উইং দেশের প্রধান তিন নেতা শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদের ওপর একটি জনমত জরিপ প্রকাশ করে।
দাবি করা হয়, মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এরশাদকে। জরিপটি প্রকাশ করেন উইংয়ের প্রধান ও এরশাদের বিশেষ উপদেষ্টা ববী হাজ্জাজ। অনুষ্ঠানে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।