আজমতের খেদমতে চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা চিকিৎসক। যে সময় নিজ নিজ হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার কথা, সে সময় তাঁরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য টঙ্গীতে জড়ো হয়েছেন। ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গতকাল রোববার প্রচারণায় অংশ নেওয়া এই চিকিৎসকেরা সরকারি দল-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা-কর্মী। টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী গতকাল বিকেলে জানান, চিকিৎসকেরা টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন।এই চিকিৎসকদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন টঙ্গীর ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী। খাদ্যতালিকায় ছিল গরুর মাংস ও ভুনা খিচুড়ি। খাবার পরিবেশন ও রান্নায় নিয়োজিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০-৭০ জন চিকিৎসকের খাবারের ব্যবস্থা করা হয়। রান্নার পর তা রাখা হয় আবাসিক চিকিৎসকের কক্ষে। সেখান থেকে বিভিন্ন কক্ষে নিয়ে চিকিৎসকদের মধ্যে পরিবেশন করা হয়। জানতে চাইলে হাসপাতালে খাবার সরবরাহকারী মো. মহিউদ্দিন সরকার বলেন, আবাসিক চিকিৎসক খাবারের খরচ দিয়েছেন। হাসপাতালের রান্নাঘরে খাবার তৈরি করা হয়েছে। নির্বাচনী আচরণবিধিতে কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষে কেউ সরকারি কোনো ডাকবাংলো কিংবা কার্যালয় ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। জানতে চাইলে টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। খাবারের আয়োজন করেছেন গাজীপুর বিএমএর নেতারা। অতিথি আসায় আমাকে উপস্থিত থাকতে হয়েছে।’ সরেজমিন দেখা গেছে, বেলা ১১টা থেকে চিকিৎসকেরা টঙ্গী হাসপাতালে আসতে শুরু করেন। রোগীরা অভিযোগ করেন, চিকিৎসকেরা ব্যস্ত। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাননি। টঙ্গীর ফকির মার্কেট এলাকার শাহিদা সকাল সাড়ে ১০টায় হাসপাতালে আসেন। তাঁর হাত-পায়ে পানি জমে ফুলে আছে। তিনি গত শনিবার আবাসিক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। নির্ধারিত দিনে গতকাল এসে দেখেন চিকিৎসক কক্ষে নেই। তিনি দীর্ঘক্ষণ বসে থেকে চলে যান। কোদাব এলাকা থেকে এসেছেন ছমিরন। তাঁর ঘাড়ে ব্যথা। তিনিও গত শনিবার চিকিৎসা নিয়েছেন। গতকাল দ্বিতীয়বারের মতো পরামর্শ নিতে এসে দেড় ঘণ্টা বসে ছিলেন। আবাসিক চিকিৎসককে পাননি। বেলা তিনটার দিকে কয়েক শ লিফলেট গাড়িতে তোলা হয়। ইসমাইল হোসেন সিরাজী চিকিৎসকদের ব্রিফ করেন। সিরাজী বলেন, ‘আপনারা চিকিৎসক পরিচয় দেবেন। আপনারা এই এলাকার সন্তান সেটাও বলবেন। এরপর প্রার্থীর পক্ষে ভোট চাইবেন।’ চিকিৎসক দলে ছিলেন বিএমএর দপ্তর সম্পাদক চিত্তরঞ্জন দাশ, কার্যকরী সদস্য কাজল, মিটফোর্ড হাসপাতালের সেলিম সাহেদ, গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক ও গাজীপুর বিএমএর সহসভাপতি মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কমর উদ্দিন, তৌহিদুজ্জামান, নুরুল আলম, বিজয় দত্ত প্রমুখ। জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কমর উদ্দিন বলেন, ‘হাসপাতালের কাজ শেষ করে এসেছি। আর আমি তো প্রচারণার জন্য আসি নাই। সিরাজী ভাইয়ের সঙ্গে এলাকায় একটু ঘুরেছি।’