আজমতের সমালোচনায় জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো আলোচিত প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনের এক দিন পর প্রথম আলো ডটকমকে বলেছেন, পরাজিত প্রার্থী আজমত উল্লা খান জনগণকে ভুলে প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃত্ব এবং দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেননি। মাঠের সঠিক চিত্র না দিয়ে তাঁরা নেত্রীকে বিভ্রান্ত করেছেন। নির্বাচনী ফলাফলে এর প্রভাব পড়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে নেতা-কর্মী এবং সাধারণ মানুষের দূরত্ব দলের এই অবস্থার মূল কারণ। কোনো জাতীয় ইস্যু নয়, সিটি করপোরেশনে আওয়ামী লীগের পরাজয়ে কাজ করেছে সব স্থানীয় ইস্যু। সাক্ষাত্কারে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘নেতারা তাঁদের কর্মীদের বাড়ির তত্ত্বাবধায়ক মনে করেন। আমাদের এমপিরা ভুলে গেছেন, মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হয়। তাঁরা মনে করেন, দল যাঁদের মনোনয়ন দেবে, তাঁরাই নির্বাচন করবেন। বিষয়টা আসলে তা নয়। যারা জনগণের কাছে থাকে, মনোনয়ন পাওয়ার অধিকার তারাই রাখে, তারাই নির্বাচিত হয়।’
জাহাঙ্গীর বলেন, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে দলের কোনো কার্যক্রম নেই। জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজ্জামেল হক এবং সাধারণ সম্পাদক আজমত উল্লা খান স্বেচ্ছাচারিতা চালিয়েছেন। তাঁদের মতের বিরোধিতা করলেই নেতা-কর্মীদের দল থেকে বহিষ্কারের ভয় দেখানো হতো। তিনি বলেন, গত দেড় বছরে তিনি (জাহাঙ্গীর) মসজিদ-মন্দির-স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠানের এক হাজার ৯৪৩টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাংসদেরা ১৯টি কর্মসূচি করেছেন কিনা, সন্দেহ।

তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে নেতা-কর্মীদের মূল্যায়ন করলে গাজীপুরে আবার আওয়ামী লীগ আগের অবস্থানে ফিরে আসবে। তিনি বলেন, এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা মুখিয়ে আছেন দলের জন্য কাজ করতে। তাঁদের মূল্যায়ন হলে আগামী সংসদ নির্বাচনে আবার ভালো ফল করা সম্ভব।

আনারস প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেও পরে জাহাঙ্গীর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কথায় নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং আজমত উল্লার পক্ষে নির্বাচনী প্রচারে নামেন।

উল্লেখ্য, সিটি করপোরেশন এলাকাটি চারটি সংসদীয় আসনের মধ্যে পড়েছে। এর মধ্যে গাজীপুর-২ আসনের পুরোটাই সিটি করপোরেশনের আওতাভুক্ত।