আজমপুরে বিভাজক ডিঙিয়ে যত্রতত্র পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারীরা যাতে যত্রতত্র রাস্তা পারাপার হতে না পারে সে জন্য আছে কোমরসমান উঁচু সড়ক বিভাজক। পথচারীদের নিরাপদে পারাপারের জন্য আছে পদচারী-সেতুও। কিন্তু এসবের তোয়াক্কা না করে লোকজন ঝুঁকি নিয়ে বিভাজক ডিঙিয়ে রাস্তা পার হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
গত বুধবার আজমপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর ওপর দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন এই প্রতিবেদক। এ সময় বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক লোককে সড়ক বিভাজক ডিঙিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। এদের অধিকাংশই পুরুষ এবং উঠতি বয়সের তরুণ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও নিয়ম ভেঙে বিভাজক ডিঙিয়ে রাস্তা পার হতে দেখা যায়।
দেখা যায়, পথচারীরা ব্যস্ত সড়কে চলন্ত যানবাহনের সামনে দিয়ে হঠাৎ করে হাত উঁচিয়ে রাস্তা পার হতে শুরু করে। আবার অনেকে একটু ফাঁকা রাস্তা পেলেই শুরু করে দৌড়। ফাঁকা রাস্তায় স্বাভাবিক গতিতে এগিয়ে আসা যানচালকদের তখন ব্রেক কষে গাড়ি থামাতে হয়। কখনো অনেক মানুষের বিভাজক লাফ দিয়ে পেরোনোর প্রস্তুতি দেখেই গাড়ির গতি কমিয়ে দেন চালক। অনেকে আবার লাফ দিয়ে অপর প্রান্তে গিয়ে পড়ে চলন্ত গাড়ির সামনে। চালক ব্রেক করতে দেরি হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমন ঝুঁকিতেও কমছে না যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতা। অথচ বাসস্ট্যান্ডের পাশেই আছে পদচারী-সেতু। সেদিকে যেন ভ্রুক্ষেপই নেই তাদের।
সড়ক বিভাজক ডিঙিয়ে রাজউক কলেজের কয়েকজন ছাত্র রাস্তা পার হচ্ছিল। তাদের একজনের কাছে এভাবে রাস্তা পারাপারের কারণ জানতে চাইলে সে বলে, ‘ব্রিজে যেতে ভালো লাগে না, তা ছাড়া এভাবে খুব সহজে এবং শর্টকাটে রাস্তা পার হওয়া যায়।’ এ সময় ছাত্রটি এভাবে রাস্তা পার হওয়াটাকে ‘অ্যাডভেঞ্চার’ বলেও প্রতিবেদককে জানায়।
বুধবার দুই ঘণ্টা দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে সড়ক বিভাজক ডিঙিয়ে রাস্তা পার হতে দেখা যায়। বিভাজক ডিঙানো একজন ট্রাফিক সদস্যকে নিয়ম ভেঙে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ডিউটি শেষ করে ব্রিজের সিঁড়ি ভাঙতে আর ইচ্ছা করল না। তাই এভাবে রাস্তা পার হওয়া।
যত্রতত্র এভাবে রাস্তা পারাপারে শুধু দুর্ঘটনার ঝুঁকিই থাকে না, যানবাহনের স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটে। ফলে সৃষ্টি হয় যানজটের। হঠাৎ করে মূল সড়কে দৌড়ে রাস্তা পার হলে যানচালকেরাও পড়ে যান বিপাকে। অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ঘটে দুর্ঘটনা।
মিরপুর থেকে আবদুল্লাহপুর পথে চলাচলকারী তেঁতুলিয়া, জাবালে নুর, প্রজাপতির একাধিক চালকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তাঁরা বলেন, রাস্তা ফাঁকা থাকলে বেশি গতিতে গাড়ি চালাই। লোকজন মূল সড়ক দিয়ে রাস্তা পার হলে তখন বাধ্য হয়েই গতি কমাতে হয়। তখন যানজটেরও সৃষ্টি হয়। অনেক চালক আবার বলেন, হঠাৎ করে দৌড়ে এসে অনেকেই চলন্ত গাড়ির সামনে এসে পড়েন, তখন হয় ব্রেক কষতে হয় নয় তো দ্রুত লেন পরিবর্তন করতে হয়। চলন্ত অবস্থায় হুট করে লেন পরিবর্তন করলেও দুর্ঘটনার ঝুঁকি থাকে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা প্রথম আলোকে বলেন, যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে নিয়মিত মাইকিং করা হয়, লিফলেট বিতরণ করা হচ্ছে। পদচারী-সেতু ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। জনগণকে সচেতন হতে হবে।