আজমপুরের পার্শ্ব রাস্তা চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকের মূল সড়কের পার্শ্ব রাস্তাটি কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তায় জমে আছে ময়লা-আবর্জনাযুক্ত পচা পানি। চলাচলে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। তাতে জমে থাকা কালো ময়লা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। থিক থিক করছে কাদা। রাস্তাটি ব্যবহারকারী পথচারীরা কাদাপানি মাড়িয়ে চলাচল করছে। সড়কটির সবচেয়ে খারাপ অবস্থা উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের সামনের অংশ থেকে রুচি রেস্তোরাঁর সামনের অংশ পর্যন্ত। এই অংশে সড়ক পুরো নালার মতো হয়ে গেছে। জমে আছে প্রায় হাঁটু সমান পানি। রিকশা কিংবা ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করছে রাস্তার দুই পাশ ঘেঁষে। মাঝ সড়ক বরাবর গেলেই আটকে যাওয়ার শঙ্কা। অন্যদিকে যানবাহনের এভাবে চলাচল করায় দুর্ভোগে পড়ছে পথচারীরা। পায়ে হাঁটার রাস্তায় উঠে যাচ্ছে গাড়ি। অনেক সময় পচা পানি ছিটকে এসে পড়ছে পথচারীদের গায়ে। এক পাশে থাকা কাঁচাবাজারের আবর্জনাও ফেলা হচ্ছে রাস্তায়।
উত্তরা পূর্ব থানার সামনে দিয়ে শাহজালাল অ্যাভিনিউ থেকে হাউজ বিল্ডিং যেতে রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের পার্শ্ব রাস্তাটি দিয়েই চলাচল করতে হয়। কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে এখন অনেকেই উত্তরার ৬ নম্বর সেক্টরের রাজউক উত্তরা মডেল কলেজের সামনের রাস্তা ব্যবহার করছে।
উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মাসকট প্লাজায় নিজের দোকানে রাস্তাটি দিয়ে যাতায়াত করেন রায়হান সরকার। তিনি বলেন, রাস্তাটি অনেক দিন ধরেই খারাপ হয়ে আছে। বিশেষ করে মসজিদের সামনের অংশটি। বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে সেখানে। মাঝ সড়ক বরাবর যাওয়াই যায় না। পার্শ্ব রাস্তাটির খারাপ অংশের পাশেই আছে কাঁচাবাজার। বাজার করতে আসা কিংবা উত্তরা কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য আসা মানুষদেরও পড়তে হয় ভোগান্তিতে। রাস্তা পারাপারে কখনো গায়ে লেগে যায় পচা পানি ও কাদা।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, এখানে ৬ নম্বর সেক্টরের সবাই বাজার করতে আসে। তা ছাড়া শুক্রবার ও অন্যান্য দিনে মসজিদে নামাজ আদায় করতে অনেকেই আসে এখানে, এই পথ দিয়ে। কিন্তু রাস্তার যে অবস্থা, তাতে বাধ্য হয়ে কিছু পথ ঘুরে আসে অনেকে।
সেক্টরের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পার্শ্ব সড়কটি সর্বশেষ পাঁচ বছর আগে সংস্কার করা হয়েছিল। দুই বছর ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। দিন দিন রাস্তার সৃষ্ট গর্তের গভীরতা বাড়ছে। ভেঙে যাচ্ছে রাস্তার ভালো অংশও। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।