আজমিরীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘাত ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় দুই দল গ্রামবাসীর সংঘাত এড়াতে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে। এলাকাবাসীর অনেকে জানান, জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে গতকাল রোববার দুপুরে শিশুদের ঝগড়া নিয়ে নগর গ্রামের সঙ্গে পাশের ইলাম নগরের বাসিন্দাদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন। এ ঘটনার সূত্র ধরে ওই দিন সন্ধ্যায় উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ পৌর এলাকায় গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে ১৪৪ ধারা জারি করে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈয়মুর বখত চৌধুরী বলেন, শিশুদের ঝগড়া থেকে দুই গ্রামের অর্থাৎ নগর ও ইলামনগরের লোকজন সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকে। জনগণের নিরাপত্তার জন্য পুলিশ সর্তক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিব বিন ইকরাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ সংঘাতের সৃষ্টি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।