আজমিরে খালেদা দেশের জন্য দোয়া কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আজমিরে হজরত খাজা মাঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার উপমহাদেশের প্রখ্যাত এ সুফি সাধকের মাজার জিয়ারতের সময় বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।খালেদা জিয়ার সফরসঙ্গী ও তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে জানান, বিরোধীদলীয় নেতা ভারত সফরের পঞ্চম দিন গতকাল দুপুরে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আজমির পৌঁছান। মাজার প্রাঙ্গণে পৌঁছালে প্রধান খাদেমসহ অন্যরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।জিয়ারতের পর মাজারে রাখা দর্শনার্থী খাতায় খালেদা জিয়া লেখেন, ‘আমরা বাংলাদেশ ও আমাদের জন্য আল্লাহর রহমত ও খাজা বাবার দোয়া চাই।’মাজার জিয়ারতের সময়ে খালেদা জিয়ার সফরসঙ্গী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত ও মধ্যাহ্নভোজ শেষে খালেদা জিয়া আবার জয়পুরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে আজ শুক্রবার তাঁর সড়কপথে দিল্লি রওনা হওয়ার কথা রয়েছে।