আজমেরী ওসমান ১৮টি খুন করেছে: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জের খুন, চাঁদাবাজির কথা যাতে না বলি, সে জন্য আমাকে এভাবে অপমান করা হচ্ছে। তবে আমি তথাকথিত নারী নই যে তাঁর কথা শুনে দল ছেড়ে চলে যাব বা নিষ্ক্রিয় হয়ে যাব। আমি আওয়ামী লীগে থেকেই অন্যায়ের প্রতিবাদ করব। আজমেরী ওসমান যে ১৮টা খুন করেছে, সে কথা আমি বলে যাব। এতে আমার মৃত্যু হলে হবে।’
গতকাল সোমবার নগরের বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় একটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র ওবায়েদউল্লাহ, কাউন্সিলর ফয়সাল আহম্মেদ, রেজওয়ানা হক, হান্নান সরকার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে আইভী বলেন, ‘এলজিইডি, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট, পিডব্লিউডিসহ সব সরকারি দপ্তরের কাজের নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জের গডফাদারের দখলে। সেখানে দরপত্র-শিডিউল কেনা তো দূরের কথা, তাঁর লোকের বাইরে কাউকে সেখানে যেতেও দেওয়া হয় না। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দরপত্র নিয়ে এসব কখনো হয় না। কারণ সিটি করপোরেশনের স্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে যিনি কাজ পান, তিনিই কাজ নেন। আমার কাউন্সিলরদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এবং আমি যাতে খুন, চাঁদাবাজির কথা না বলি, সে জন্য আমাকে এভাবে অপমান করা হচ্ছে।’
আইভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি জানতে চাই, যে গডফাদার একজন নারীকে এভাবে লাঞ্ছিত করছে, সে কি কোনো মায়ের পেট থেকে জন্ম নেয়নি? তার কি কোনো মেয়ে নাই? তার কি কোনো বউ নাই, বোন নাই? তাহলে কীভাবে তিনি একজন নারীকে এইভাবে বেইজ্জতি করেন। তাকে যে মা জন্ম দিয়েছেন, সেই মা যদি সেদিন সামনে থাকতেন তাহলে তিনি লজ্জায় মুখ লুকাতেন।’
আইভী আরও বলেন, ‘আজমেরী ওসমান এইটুকু বয়সে ১৮টা খুন করেছে, তার বর্ণনা আমি অবশ্যই তুলে ধরব। এতে যদি আমার মৃত্যু হয় তবে আমি মৃত্যুকেই বরণ করে নেব। আমার বাবা যেমন অন্যায়ের সাথে আপস করে নাই, আমিও অন্যায়ের সাথে আপস করব না।’
মেয়র আইভী বলেন, ‘আমার বাপকে নিয়ে আপনি যেসব কথা বলেছেন, আমি আপনার বাপকে নিয়ে সে কথা বলব না। আপনি আমার দাদাকে নিয়ে যেসব কথা বলেছেন, আমি আপনার দাদাকে নিয়ে সেসব কথা বলব না। তিনি (গডফাদার) বলেছেন, আমার রক্ত খারাপ। মানলাম আমার রক্ত খারাপ। আর আপনার রক্ত রাজকীয়। আপনি রাজকীয় রক্ত নিয়ে এই শহরের মানুষের টাকা শোষণ করে, নারায়ণগঞ্জের শত শত ছেলের হাতে অস্ত্র তুলে দিয়ে, চাঁদাবাজ ও সন্ত্রাসী বানিয়ে আবার তাদের ক্রসফায়ারে হত্যা করে সুন্দর সুন্দর কথা বলেন। এমন রাজকীয় রক্ত আমার দরকার নেই। দাউদকান্দি থেকে এসে কীভাবে তাঁরা শতকোটি টাকার মালিক হলেন, তা নারায়ণগঞ্জবাসী জানে। আমি এটা বলতে চাই না।’
অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াৎ আইভী গডফাদারের নাম উল্লেখ করেননি এবং কীভাবে তাঁকে অপমান করা হয়েছে, তাও বলেননি।