আজমেরী ওসমানসহ হত্যায় জড়িত ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী খুন হয়েছে আজমেরী ওসমান ও তাঁর সহযোগী সন্ত্রাসীদের হাতে। বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তে এমন তথ্য-প্রমাণই পেয়েছে র‌্যাব।
আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে। এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জড়িত থাকার অভিযোগ উঠলেও র‌্যাব দাবি করেছে, তারা তাঁর সম্পৃক্ততা পায়নি। অয়নের দুই সহযোগীর বিষয়েও র‌্যাব একই বক্তব্য দিয়েছে।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ত্বকী হত্যাকাণ্ডে আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। যেকোনো দিন এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
তদন্তের সঙ্গে যুক্ত র‌্যাবের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে। বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। আর আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ছিলেন দলের সমর্থিত প্রার্থী। নির্বাচনে আইভীর কাছে বিপুল ভোটে পরাজিত হন শামীম ওসমান। রফিউর রাব্বি নারায়ণগঞ্জের নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা।
এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা ওসমানের পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন। এই চাঁদাবাজির প্রতিবাদ করেন সেখানকার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। তদন্তে বেরিয়ে এসেছে, রফিউর রাব্বিকে শায়েস্তা করতেই তাঁর কিশোর ছেলেকে খুনের পরিকল্পনা করা হয়।
কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, আজমেরীর পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থিতিতেই ওই হত্যাকাণ্ড ঘটেছিল। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ মেলেনি।
জানতে চাইলে রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবার নাম তিনি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে দিয়েছিলেন। তাঁদের কারও নাম বাদ যাবে, সেটা তিনি আশা করেন না।
যাঁরা অভিযুক্ত: তদন্তে আজমেরী ওসমান ছাড়া অন্য যাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে তাঁরা হলেন: রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ, ইউসুফ হোসেন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজমেরীসহ প্রথম সাতজন পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন।
র‌্যাবের কর্মকর্তারা জানান, এই মামলায় গ্রেপ্তার সালেহ রহমান ওরফে সীমান্ত ও রিফাত বিন ওসমান নামে দুজন কারাগারে আছেন। হত্যায় তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এই দুজন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।
র‌্যাব কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানায়, হত্যায় জড়িত ইউসুফ হোসেন সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং আজমেরীর ঘনিষ্ঠজন। সুলতান শওকত নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভানেত্রীর ছেলে। অপরাধজগতে আজমেরীর ডান হাত বলে পরিচিত তিনি। অভিযুক্ত তায়েবউদ্দিনের পরিবারের সঙ্গে ওসমান পরিবারের রয়েছে পুরোনো সম্পর্ক। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসেরও অভিযোগ আছে।
অভিযুক্ত কালাম শিকদার সম্পর্কে র‌্যাবের নথিতে বলা হয়েছে, তিনি আজমেরী ওসমানের অন্যতম ঘনিষ্ঠজন ও চাঁদাবাজ। আরেক অভিযুক্ত মামুন আজমেরীর খালাতো বোনের জামাই।
র‌্যাবের নথিতে অভিযুক্ত কাজলকে চাঁদাবাজ ও আজমেরীর অন্যতম ঘনিষ্ঠজন বলে বর্ণনা করা হয়েছে। তাঁর ভাই স্থানীয় যুবলীগের একজন নেতা। অভিযুক্ত অপু আজমেরীর অপরাধজগতের তথ্যদাতা। রাজীব ও শিপন আজমেরীর বেতনভুক্ত ক্যাডার। অভিযুক্ত জামশেদ আজমেরীর গাড়িচালক।
যেভাবে হত্যা: তদন্তে যুক্ত র‌্যাবের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, ত্বকীকে হত্যার জন্য আজমেরী তাঁর ঘনিষ্ঠ সুলতান শওকত, কালাম সিকদার, ইউসুফ, মামুন ও রাজীবের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ ঠিক করেন। হত্যার স্থান হিসেবে আজমেরীর টর্চার শেল (নির্যাতনকেন্দ্র) হিসেবে পরিচিত শহরের ইকবাল রোডে অবস্থিত ওসমান পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান উইনার ফ্যাশনকে বেছে নেওয়া হয়। এর জন্য ঘটনার সময় ইকবাল রোডের দুই মাথায় বাঁশ ফেলে গাড়ি ও সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, ইউসুফ হোসেন ওরফে লিটন, কালাম শিকদার, মামুন, রাজীব ও জামশেদ গত বছরের ৬ মার্চ সন্ধ্যার পর বাসা থেকে ৪০০ গজ দূরে জেলা শ্রমকল্যাণ কেন্দ্রের সামনে থেকে ত্বকীকে অপহরণ করে উইনার ফ্যাশনে নিয়ে যান। এ কাজে আজমেরী ওসমানের গাড়ি (এক্স ফিল্ডার) ব্যবহার করা হয়। রাত ১১টার দিকে আজমেরীর উপস্থিতিতে ত্বকীকে নির্মমভাবে পেটানো হয়। একপর্যায়ে কালাম শিকদার হাত-পা বাঁধা ত্বকীকে গলা টিপে হত্যা করেন। বাকিরা তাঁকে সহযোগিতা করে। মৃত্যু নিশ্চিত হলে আজমেরীর নির্দেশে মধ্যরাতে লাশ বস্তাবন্দী করা হয় এবং আজমেরীর ওই গাড়িতে করে তা নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ি চালান জামশেদ। পাশে ছিলেন সুলতান ও শওকত ভ্রমর। পেছনে বসেন ইউসুফ লিটন, রাজীব, কালাম শিকদার ও মামুন।
তদন্তে জানা যায়, তাঁরা শহরের চারারগোপ এলাকায় একটি তেলের দোকানের পাশে ১৬ তলা ভবনের সামনে গাড়ি রেখে বস্তাবন্দী লাশ নৌকায় তোলেন এবং চারারগোপ জোড়াখালের পানিতে ফেলে দেন।
সেখান থেকে সবাই উইনার ফ্যাশনে ফিরে আসেন এবং আজমেরী সবাইকে নিয়ে বিরিয়ানি খান।
আলামত জব্দ: তদন্তের সঙ্গে সম্পৃক্ত র‌্যাব কর্মকর্তারা জানান, ত্বকী হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাস্থল উইনার ফ্যাশন থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত তিনটি লাঠি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে ত্বকীকে অপহরণ ও লাশ গুমের কাজে ব্যবহূত আজমেরীর গাড়ির হদিস পায়নি র‌্যাব।
মামলা ও তদন্ত: গত বছরের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর ৮ মার্চ সকালে ত্বকীদের বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। ওই দিন ত্বকীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ইউসুফ ও সুলতান শওকত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রথমে মামলাটি নারায়ণগঞ্জের পুলিশ তদন্ত করে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এরপর ১৮ মার্চ রফিউর রাব্বি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে হত্যাকাণ্ডে শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্যাঙ্গারু পারভেজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ত্বকীর বাবা। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত শুরু করে।
ত্বকী ইংরেজি মাধ্যমে পড়ত। যেদিন লাশ পাওয়া যায়, সেদিনই তার ‘এ’ লেভেল পরীক্ষার ফল প্রকাশিত হয়। ব্রিটিশ কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত ওই পরীক্ষায় সে দুটি বিষয়ে বাংলাদেশি পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পায়।