আজমেরীর 'টর্চার সেলে' র্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে গতকাল দুপুরে তল্লাশি চালায় র্যাব ষ ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে গতকাল দুপুরে তল্লাশি চালায় র্যাব ষ ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে রক্তমাখা একটি জিনস প্যান্ট, দুটি লাঠি ও রক্তমাখা নাইলনের রশি উদ্ধার করা হয়। কার্যালয়টি স্থানীয়ভাবে ‘টর্চার সেল’ (নির্যাতনকেন্দ্র) হিসেবে পরিচিত।
গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত র‌্যাব শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরীর মালিকানাধীন ‘উইনার ফ্যাশন’-এ অভিযান চালায়। এ সময় তিনি সেখানে ছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে তাঁর দুই গাড়িচালক ও এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জমশের হোসেন (৩২), শিপন (২৮) ও শুক্কুর আলী। একই সময় ত্বকী হত্যার আরেক সন্দেহভাজন রাজীবের বাসায় র‌্যাব অভিযান চালায়। তাঁকেও বাসায় পাওয়া যায়নি। আজমেরী আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তাঁর ছেলে হত্যার পর থেকে অভিযোগ করে আসছেন, আজমেরীর ওই কার্যালয়টি ‘টর্চার সেল’। এখানে তাঁর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীকে ধরে এনে এখানে নির্যাতন করে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হতো।

গত মার্চে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ওসমান পরিবারের পাঁচটি ‘টর্চার সেল’-এর তালিকা জেলা পুলিশ সুপারের কাছে দিয়েছিল। সেখানে আজমেরীর এ কার্যালয়ের নাম ছিল। র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ত্বকী হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আজমেরী নারায়ণগঞ্জে রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি থেকে আমরা আজমেরীর টর্চার সেলের খবর জেনেছি। এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের সূত্র ধরে আমরা এ অভিযান চালিয়েছি।’

লে. কর্নেল জাহাঙ্গীর আলম ও স্কোয়াড্রন লিডার মাসুদ রানার নেতৃত্বে গতকাল আজমেরীর কার্যালয়ের প্রায় ১০০ গজের মধ্যে বিপুলসংখ্যক র‌্যাব সদস্য অবস্থান নেন। পরে একটি দল কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে। সেখানে একটি কাগজের কার্টন থেকে রক্তমাখা আকাশি রঙের একটি জিনসের প্যান্ট ও রান্নাঘর থেকে কাপড়ে পেঁচানো রক্তমাখা গজারির দুটি লাঠি উদ্ধার করা হয়। রান্নাঘরের মেঝেতে রক্তের দাগ দেখা গেছে। লাঠি ও মেঝের রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে।

পরে র‌্যাব সদস্যরা আজমেরীর কার্যালয়ের ভেতর ও বাইরে লাগানো আটটি ক্লোজড সার্কিট ক্যামেরা, এলসিডি মনিটর, গুলির চিহ্ন থাকা একটি কর্নার শোকেস, একটি সোফা, পিস্তলের বাঁটের ভাঙা অংশ, দুটি টেঁটা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করেন।

র‌্যাবের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, আজমেরী তাঁর অনুগত লোকজনের কাছে ‘হাজি’ হিসেবে পরিচিত। তাঁর কার্যালয়ের দেয়ালে ও কর্নার শোকেসে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। তিনি রাতে মাদক সেবনের পর দেয়াল, শোকেস ও সোফা লক্ষ্য করে গুলি ছুড়তেন।

র‌্যাবের অভিযান সম্পর্কে জানতে সাংসদ নাসিম ওসমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

গত ২৯ জুলাই একটি মাদক মামলায় নারায়ণগঞ্জ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীরোক্তিমূলক জবানবন্দি দেন ইউসুফ হোসেন (লিটন)। জবানবন্দিতে তিনি ত্বকী হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, জাপা নেতা হাজি রিপনের জামতলার বাড়িতে তাঁর ছেলে সালেহ রহমান (সীমান্ত), ভ্রমর, আবুল কালাম সিকদারসহ অন্যরা নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে ত্বকীকে হত্যা করেন। পরে লাশ ব্যাগে ভরে নৌকায় করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। তাঁর তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দুই দফা শীতলক্ষ্যায় অভিযান চালান। র‌্যাব সালেহ রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

আজমেরীকে গ্রেপ্তারের দাবি: আজমেরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেছেন, ‘আজমেরীর টর্চার সেলে মানুষকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করা হতো। আমরা শুরু থেকেই বলে আসছিলাম, ত্বকীকে আজমেরীর টর্চার সেলে হত্যা করা হয়েছে। আজ র‌্যাবের অভিযানের মাধ্যমে আমার কথা প্রমাণিত হলো।’

আগেও বিস্তর অভিযোগ ছিল: আজমেরীর বয়স এখন ৩৮। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শামীম ওসমান সাংসদ থাকাকালে তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ ছিল। ২০০১ সালে নির্বাচনের রাতে বাবা-চাচার সঙ্গে তিনিও দেশ ছাড়েন। ২০০৮ সালে বাবা নাসিম ওসমান সাংসদ হওয়ার পর তিনি চাচার সঙ্গে দেশে ফেরেন।

র‌্যাব সূত্র জানায়, উইনার ফ্যাশন মূলত মধ্যপ্রাচ্যে নিট পণ্য রপ্তানি করে। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। আল্লামা ইকবাল রোডে সিটি করপোরেশনের রাস্তায় আজমেরী ছয়টি গতিরোধক নির্মাণ করেন। র‌্যাব-পুলিশের পিকআপ ভ্যান যাতে কলেজ রোডে ঢুকতে না পারে, সে জন্য লোহার প্রতিবন্ধক লাগানো রয়েছে। কলেজ রোডে মোটরগাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে পারে না। কয়েকটি সিসি ক্যামেরা বসিয়ে নির্যাতন সেল দুটির আশপাশের রাস্তার মানুষ ও যান চলাচল পর্যবেক্ষণ করা হতো। ডেসকোর বৈদ্যুতিক খুঁটিতে উচ্চক্ষমতা সম্পন্ন বাতিও লাগানো হয়েছে।