আজহার ও দুই পাকিস্তানি সেনা মাকে গুলি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মকবুল হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে আজহার ও পাকিস্তানি সেনারা তাঁর মাকে গুলি করে হত্যা করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। আজহার এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে মকবুল হোসেন (৬৪) বলেন, তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার উত্তর রামনাথপুর গ্রামের হাজীপাড়ায়। সত্তরের নির্বাচনে আফজাল হোসেন, মোখলেছুর রহমানের সঙ্গে এ টি এম আজহার তাঁদের এলাকায় একাধিকবার নির্বাচনী প্রচারণার কাজে যান। তখন থেকে আজহারকে তিনি চেনেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৬ এপ্রিল আজহারুল ইসলাম পাকিস্তানি সেনাদের সঙ্গে ট্রেনে করে টেকশোর হাটের ৬ নম্বর রেল গুমটিতে আসেন। তারা টেকশোর হাটের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং গোলাগুলি করে। পাকিস্তানি সেনা ও আজহার তাঁদের গ্রামে গেলে তিনি (সাক্ষী) ও তাঁর মা ধাপপাড়ার দিকে দৌড়াতে থাকেন। তাঁর মা একপর্যায়ে দৌড়াতে না পেরে বলেন, ‘তুমি (সাক্ষী) দৌড়ে পালাও, আমি ধীরে ধীরে রাস্তা দিয়ে যাব।’ তিনি তখন ক্ষেতের আইলের ওপর দিয়ে দৌড়াতে থাকেন। তিনি বলেন, ‘কিছুদূর যাওয়ার পর গুলির আওয়াজ শুনি। আমি ফিরে দেখি, আজহারুল ইসলাম ও দুজন পাকিস্তানি সেনা আমার মাকে গুলি করছে। মা আর্তচিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।’
মকবুল বলেন, তিনি জীবন বাঁচাতে ফলিমারি নদীর দিকে দৌড়ে পালাতে থাকেন। মাঝপথে দেখেন, আজহার ও পাকিস্তানি সেনারা রমিজ নামের এক লোককেও গুলি করে হত্যা করছে। তিনি নদীর পাশের একটি গর্তে প্রায় ঘণ্টা তিনেক লুকিয়ে ছিলেন। একপর্যায়ে গর্ত থেকে মাথা উঁচু করে দেখেন, আজহার ও পাকিস্তানি সেনারা ধাপপাড়, মির্দ্দাপাড়া, ঠনঠনিয়াপাড়া, মোল্লাপাড়া প্রভৃতি গ্রামের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তিনি গ্রামে ফিরে স্থানীয় মানুষের কাছে শোনেন, আজহার ও পাকিস্তানি সেনারা ১৪-১৫ জনকে গুলি করে হত্যা করেছে। পরে তিনি মায়ের লাশ বাড়িতে এনে দাফন করেন।
জবানবন্দিতে মকবুল বলেন, একাত্তরের ১৭ এপ্রিল তিনি লোকমুখে শোনেন, আজহারুল ইসলাম ও পাকিস্তানি সেনারা ঝাড়ুয়ার বিলে আনুমানিক এক হাজার ২০০ লোককে হত্যা করেছে। জবানবন্দির শেষ পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি মায়ের হত্যাকাণ্ডের বিচার চাই।’ এরপর আসামির কাঠগড়ায় উপস্থিত আজহারকে শনাক্ত করেন তিনি। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে।