আজহারকে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আজ সোমবার আধঘণ্টা দাঁড় করিয়ে রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। মামলার কার্যক্রম শুরু হওয়ার আগেই এজলাসে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামির কাঠগড়ায় রাখা চেয়ারটি সরিয়ে নিয়ে যান। ফলে আজহারুলকে এজলাসে নেওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়।
মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী আসাদউদ্দীন ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কাঠগড়া থেকে চেয়ার সরানোয় আসামিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ট্রাইব্যুনাল বলেন, ‘চেয়ার কেন সরানো হয়েছে তা আপনার মক্কেলকে জিজ্ঞাসা করেন।’

পরে ট্রাইব্যুনাল বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশ এখনো প্রস্তুত হয়নি। এ জন্য ১২ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করা হলো। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে বলেন, আসামিকে কেন বসতে দেওয়া হয়নি তা ওই দিনের আদেশে জানতে পারবেন।
নিজামীর পক্ষে সাক্ষ্য গ্রহণ কাল

একই ট্রাইব্যুনাল আজ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী মো. নাজিবুর রহমানের সাক্ষ্য গ্রহণের জন্য কাল মঙ্গলবার দিন পুনর্নির্ধারণ করেছেন। আজ আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদউদ্দীন এই মামলার কার্যক্রম দুই দিন মুলতবির আরজি জানান। তিনি বলেন, আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী মিজানুল ইসলাম ও মনজুর আহমেদ আনসারী ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি।
রোববার থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। জামায়াতের নেতাদের আইনজীবীরা সাধারণত হরতালের সময় ট্রাইব্যুনালে যান না। রোববারও তাঁরা ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের কাছে খবর আছে, আপনাদের ঘরানার অনেক আইনজীবী রোববার হাইকোর্টে ছিলেন। হরতাল থাকলে আপনারা হাইকোর্টে যান, কিন্তু ট্রাইব্যুনালে আসেন না।’
এ সময় আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, তাঁরা সব সময় ট্রাইব্যুনালকে সহযোগিতা করেন। ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা সহযোগিতা করি বলে আপনারা মামলা চালাতে পারছেন। আইনে মুলতবির কোনো বিধান নেই, কিন্তু আমরা সাধারণ আদালতের মতো আপনাদের অনেক সুযোগ দিয়েছি।’
পরে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ করে বলেন, মঙ্গলবার আসামিপক্ষের সাক্ষী বা আইনজীবী ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হবে।

মীর কাসেমের মামলা মুলতবি
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের ধার্য দিনে আসামিপক্ষ সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় মীর কাসেম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।