আজহারুল ইসলামের জামিনের আবেদন খারিজ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৪ অক্টোবরের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।আসামির কাঠগড়ায় আজহারুল ইসলামের উপস্থিতিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে জামিনের বিধান নেই। শারীরিক কারণে বিশেষ বিবেচনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আবদুল আলীমকে জামিন দেওয়া হয়েছিল, এ ক্ষেত্রে সে বিবেচনা প্রযোজ্য নয়। আসামির চিকিৎসাসংক্রান্ত বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে আসামিপক্ষ আবেদন করতে পারবে।অষ্টম সাক্ষীর জেরা শেষ: ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী নূরজাহান বেগমকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আমির হোসেন মোল্লা (৬৬) জবানবন্দি দেওয়া শুরু করেন। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আমির হোসেন আজ সোমবার জবানবন্দির বাকি অংশ উপস্থাপন করবেন।