জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষকে যুক্তি খণ্ডনের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ একই সঙ্গে আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে এবং নির্যাতনের শিকার এক সাক্ষীর জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে আসামিকে ক্ষতিপূরণের সাজা দেওয়া সম্ভব নয়। ট্রাইব্যুনালের কার্যপ্রণািল বিধিমালার ৪৬(৩) বিধিতে দণ্ডপ্রাপ্ত আসামিকে জরিমানা বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে, কিন্তু ক্ষতিপূরণের সাজা দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, যদি বিধিমালায় এ-সংক্রান্ত কোনো বিধান না থাকত, তবে িক শুধু আইনের ২০(২) ধারা অনুসারে ক্ষতিপূরণের আদেশ দেওয়া যেত? জবাবে শিশির মনির বলেন, ২০(২) ধারায় মৃত্যুদণ্ডের সাজার পাশাপাশি অপরাধের গভীরতা ও মাত্রা বিবেচনায় যেকোনো সাজার বিধান ছিল।
ফলে যেকোনো সাজা দেওয়ার সুযোগ ছিল উন্মুক্ত। কিন্তু এ-সংক্রান্ত বিধি সংযোজন করে এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ জন্য জরিমানা বা অর্থদণ্ড ছাড়া অন্য কোনো সাজা দেওয়ার সুযোগ নেই।
আইনগত বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম যুক্তি খণ্ডনের জন্য সময় চান। পরে ট্রাইব্যুনাল ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আজহারুল ইসলামকে গতকাল কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।