জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির। শুরুতেই তিনি বলেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ গত মঙ্গলবার যুক্তি উপস্থাপনের সময় আসামিকে ‘নরপশু’ বলেছেন, যা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগেই এ ধরনের শব্দ ব্যবহারের বিষয়ে তিনি আপত্তি জানান।
এ সময় তুরিন আফরোজ এজলাসে উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনাল এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এ ধরনের শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তুরিন আফরোজ অসতর্কভাবে হয়তো এ ধরনের শব্দ বলেছেন।
পরে তুরিন আফরোজ এজলাসে উপস্থিত হলে ট্রাইব্যুনাল এ বিষয়ে ব্যাখ্যা চান। ট্রাইব্যুনাল বলেন, মঙ্গলবার যুক্তি উপস্থাপনকালে ‘নরপশু’ শব্দটি ব্যবহার করেছেন। বিভিন্ন পত্রিকায় তা ছাপা হয়েছে। এতে আসামিপক্ষ মৌখিক আপত্তি জানিয়েছে। বিচারিক কার্যক্রমে এ ধরনের শব্দ চয়ন ভালো নয়।
তুরিন আফরোজ ব্যাখ্যা দিয়ে বলেন, অসতর্কভাবে অথবা ব্যক্তিগত অভিমত প্রকাশে তিনি এমন শব্দ চয়ন করেননি। মুক্তিযুদ্ধকালে আজহারুল ইসলামের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে এবং সাক্ষীদের সাক্ষ্যে সেসব অপরাধের ভয়াবহতার যে চিত্র উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে এ ধরনের শব্দ চয়ন করা হয়েছে।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে উভয় পক্ষই হয়তো অনেক যুক্তি দিতে পারবেন। কিন্তু এ বিষয়টি নিয়ে আর এগোনোর দরকার নেই। আদালতে শব্দ চয়নের ক্ষেত্রে দেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক দিকটিও বিবেচনায় রাখতে হবে। তুরিন আফরোজ বলেন, ‘আমি অভিযুক্তকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলতে চাইনি। কিন্তু এতে যদি তিনি কষ্ট পেয়ে থাকেন, তবে আমি দুঃখ প্রকাশ করছি।’
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এ মামলায় মঙ্গলবার যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আজহারুলের মৃত্যুদণ্ড দাবি করে রাষ্ট্রপক্ষ।