জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে চারজনের সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৩ জুলাই থেকে আসামিপক্ষে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, ১০ জুলাইয়ের মধ্যে আসামিপক্ষের চার সাক্ষীর নাম, ঠিকানা, কোন সাক্ষী কোন অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন, তা বিস্তারিত জমা দিতে হবে।
গত রোববার আজহারুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের দেওয়া ১৫ জন সাক্ষীর তালিকা বাতিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল এই আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামিপক্ষে শুনানি করেন আবদুস সোবহান তরফদার।
তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ আগস্ট: একই ট্রাইব্যুনাল গতকাল মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের আবদুল লতিফ তালুকদার, খান মো. আকরাম হোসেন ও শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক তদন্ত শেষ করতে ছয় মাসের সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল এ সময় দেন। রাষ্ট্রপক্ষের অপর এক আবেদন মঞ্জুর করে আকরামকে সেফ হোমে নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ তিনজনের মধ্যে লতিফ ও আকরাম গ্রেপ্তার হয়েছেন।