আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ৮ মে দাখিলের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নুরজাহান মুক্তা তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে বলেন, বৃহত্তর রংপুর ও এর আশপাশের এলাকায় এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অনেক তথ্য-উপাত্ত মিলছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসছে। সুষুম তদন্তের জন্য আরও সময় লাগবে।ট্রাইব্যুনাল তখন বলেন, ‘রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে। কিন্তু আবেদনের কোথাও সময় চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। ট্রাইব্যুনাল কীভাবে বুঝবেন যে সময় চাওয়া হয়েছে?’পরে ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৮ মে দিন ধার্য করেন।মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর ২২ আগস্ট এ টি এম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।