জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তরে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল রোববার রংপুর সার্কিট হাউসে মতবিনিময় সভায় এ তথ্য জানান তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক।তদন্ত সংস্থা রংপুরের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ মতবিনিময় করে। বর্তমানে কারাগারে আটক আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করতে সানাউল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল গত শনিবার রংপুর আসে। তাঁরা রংপুরের দমদমা, লাহিড়ীরহাট, দখিগঞ্জ বধ্যভূমি ও বদরগঞ্জ উপজেলা পরিদর্শন করবেন।মতবিনিময় সভায় সানাউল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ও ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) জেলা সভাপতি ছিলেন। তদন্তে মুক্তিযুদ্ধের সময় হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা যাবে।