আজহারুলের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ ২৪ জুলাই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা ট্রাইব্যুনালকে জানান, আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করা হয়েছে। আসামিপক্ষকে অভিযোগের একটি অনুলিপিও সরবরাহ করা হয়েছে। তবে আসামিপক্ষকে এখনো নথিপত্র সরবরাহ করা হয়নি।পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ জানায়, আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুল ইসলামকে গত বছরের ২২ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গতকাল তাঁকে ট্রাইব্যুনালে নেওয়া হলেও এজলাসে হাজির করা হয়নি।