আজহারুলের বিরুদ্ধে অভিযোগ আমলে শুনানি ১৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, এই মামলায় দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষণ করে আসামির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পাওয়ায় তা আমলে নেওয়া হলো। ১৮ আগস্ট এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। অভিযোগসহ মামলার নথিপত্রের অনুলিপি আসামিপক্ষকে বৃহস্পতিবারের (গতকাল) মধ্যে সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষের প্রতি নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত বছরের ২৩ আগস্ট এ টি এম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। চলতি বছরের ১৮ জুলাই রাষ্ট্রপক্ষ আজহারুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে।