আজহারুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি রাষ্ট্রপক্ষের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, আজহারুলের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্রে অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান রয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার আজহারুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। ৮ সেপ্টেম্বর থেকে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে।
আসামির কাঠগড়ায় আজহারুলের উপস্থিতিতে গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম ছয়টি অভিযোগ উপস্থাপন করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে, একাত্তরের ২৪ মার্চ রংপুরের আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণের পর আটকে রেখে শারীরিক নির্যাতন। ৩ এপ্রিল তাঁদের শহরের দখিগঞ্জ শ্মশানে নিয়ে গুলি করলে একজন বাদে বাকিরা নিহত হন। ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইটের’ মধ্য দিয়ে পাকিস্তানি সেনারা বাঙালি নিধনের যে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছিল, এটি ছিল তারই অংশ।
সাইফুল ইসলাম বলেন, এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতায় একাত্তরের ১৬ এপ্রিল রংপুরের বদরগঞ্জের ধাপপাড়ায় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি সেনাদের সঙ্গে এ টি এম আজহারুল ইসলাম এই হত্যাকাণ্ডে অংশ নেন। ওই ঘটনায় শহীদদের মধ্যে ১৪ জনের নাম-পরিচিতি শনাক্ত করে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষী রয়েছেন।
তৃতীয় অভিযোগ উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ১৭ এপ্রিল রংপুরের ঝাড়ুয়ার বিল এলাকায় নারকীয় গণহত্যা ঘটে। ওই ঘটনায় প্রায় এক হাজার ২০০ জন মারা যান, তাঁদের মধ্যে ৩৬৫ জনের নাম-পরিচিতি পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২০০ জন হিন্দুধর্মাবলম্বী ছিলেন, যা প্রমাণ করে একটি বিশেষ গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংসের উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তিনি বলেন, একাত্তরের ৩০ এপ্রিল রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক কালাচান রায় ও তাঁর স্ত্রী মঞ্জুশ্রী রায়, সুনীল বরণ চক্রবর্তী, রামকৃষ্ণ অধিকারী ও চিত্তরঞ্জন রায়কে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে দমদমা সেতুর কাছে হত্যা করে। তাঁদের ধরে নিয়ে যাওয়ার সময় আজহারুল ইসলামকে পাকিস্তানি সেনাদের গাড়ির পাশে দাঁড়ানো দেখা গেছে; এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আসামির বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র দাখিল করা হয়েছে। এসবের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানাচ্ছে।
এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষকে শুনানি করতে বলেন। আসামিপক্ষ প্রস্তুতির জন্য সময়ের আবেদন করলে ৮ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন ট্রাইব্যুনাল।