আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন। গতকাল এই ট্রাইব্যুনালে আজহারুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম। তিনি বলেন, তদন্ত শেষ করতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। ট্রাইব্যুনাল বলেন, শেষবারের মতো সময় বাড়ানো হচ্ছে। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে হবে। পরে ট্রাইব্যুনাল ১৫ জুলাই অভিযোগ দাখিলের দিন ধার্য করেন। গত বছরের ২৩ আগস্ট আজহারুলের জামিনের আবেদন খারিজ করে এই ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। গতকাল তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। তবে এজলাসে নেওয়া হয়নি।