আজহারুলের বিরুদ্ধে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন ২ ডিসেম্বর দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইস-লামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ২ ডিসেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে ওই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি হয়েছে। রাষ্ট্রপক্ষ তদন্তের জন্য সময়ের আরজি জানিয়ে বলেছে, কয়েকটি বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে, আরও কয়েকটি বিষয়ে তদন্ত করতে হবে। এ জন্য সময় দরকার।গতকাল কার্যক্রমের শুরুতে আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা। এ সময় আসামির কাঠগড়ায় আজহারুল হাজির ছিলেন। ২ ডিসেম্বরও তাঁকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।গত ২২ আগস্ট ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রমনা থানার পুলিশ আজহারুলকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হওয়া জামায়াতের অষ্টম শীর্ষস্থানীয় নেতা।সাঈদীর পক্ষে জবানবন্দি দিচ্ছেন তাঁর ছেলে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের ১৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন সাঈদীর তৃতীয় ছেলে মাসুদ সাঈদী (৩৮)। জবানবন্দিতে তিনি আসামিপক্ষের দাখিল করা বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। আজ সোমবারও তিনি জবানবন্দি দেবেন।গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমানকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গোলাম আযম এ সময় আসামির কাঠগড়ায় ছিলেন। মতিউর রহমানকে আজ আবার জেরা করা হবে।