আজহারুলের বিরুদ্ধে ৩০ জুন অভিযোগ দাখিলের নির্দেশ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী
অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৩০ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল
বুধবার এ দিন ধার্য করেন। গতকাল আজহারুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের ধার্য দিনে
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম তদন্ত শেষ করার জন্য আরও দুই মাস সময়ের আরজি জানান। তিনি
বলেন, গণহত্যার একটি অভিযোগের তদন্ত এখনো শেষ হয়নি। এটিসহ গুরুত্বপূর্ণ দুটি অভিযোগ তদন্তের জন্য
আরও সময় দরকার।
পরে ট্রাইব্যুনাল ৩০ জুন পর্যন্ত তদন্তের সময় দেন। ট্রাইব্যুনাল বলেন, ওই দিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক
অভিযোগ দাখিল করতে হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২২ আগস্ট এ টি এম আজহারুল
ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।