আজহারুলের মন্তব্য সম্পর্কে হাইকোর্টের আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আদালত অবমাননা প্রশ্নে আজ মঙ্গলবার হাইকোর্ট আদেশ দিতে পারেন। গতকাল সোমবার এই মামলার শুনানিতে আজহারুলের আইনজীবী এ-সংক্রান্ত রুল জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং রুল প্রত্যাহারের আরজি জানান। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রুল জারি সঠিক হয়েছে।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে শুনানি হয়। শুনানি নিয়ে আদালত আজ মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন। তবে এ টি এম আজহারুলকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এর আগে আদালত নিয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ২৫ জুলাই হাইকোর্ট জামায়াতের এই নেতাকে ৮ আগস্ট হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনা অনুসারে গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি হাইকোর্টে হাজির হন।বেলা ১১টার দিকে শুনানি গ্রহণ শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল, রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং আজহারুলের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম অহিদুজ্জামান বক্তব্য দেন এবং আজহারুল ইসলাম আদালতের প্রশ্নের জবাব দেন। দুপুর একটা পর্যন্ত শুনানিকালে প্রায় দুই ঘণ্টার মতো এজলাসকক্ষে দাঁড়িয়ে ছিলেন আজহারুল ইসলাম।