
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এটি হলো জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে করা মামলা। এ মামলার শেষ পর্যায় অর্থাৎ যুক্তি উপস্থাপনের জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী আনোয়ারুল হককে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামিপক্ষ আর কোনো সাক্ষী হাজির না করায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।
এ ট্রাইব্যুনালে দুটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলাটি দীর্ঘদিন ধরে রায়ের অপেক্ষায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলার রায়ও অপেক্ষমাণ।
কায়সারের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন চলছে: সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।