জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১ জুন (রোববার) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ ওই দিন রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী আকরাম হোসেনের সাক্ষ্য ‘টেন্ডার’ (আগের সাক্ষীর সাক্ষ্য সমর্থন করা) করেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি জেয়াদ-আল-মালুম৷ বর্তমানে পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরামের এই মামলার একটি নথির বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল৷ কিন্তু রাষ্ট্রপক্ষ তাঁকে টেন্ডার করায় আসামিপক্ষ আর জেরা করেনি৷
পরে রাষ্ট্রপক্ষের দাখিল করা দুটি আবেদনের ওপর শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷ এর একটি আবেদন করা হয়েছে এই মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কিছু নথিকে গ্রহণ করার জন্য৷
অপর আবেদনটি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারায় তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া এক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য৷ রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তকারী কর্মকর্তাকে ওই সাক্ষী জবানবন্দি দিলেও বিচার চলাকালে তিনি মারা যান৷