আজহারের অভিযোগ গঠনের আদেশ ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ টি এম আজহারুল ইসলাম
এ টি এম আজহারুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হবে ২৮ অক্টোবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই দিন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই দিন ধার্য করেন। এ সময় আজহার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আজহারের বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের অভিযোগের বিষয়ে শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিতে তিনি বলেন, আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব অভিযোগ এনেছে তার ওপর ভিত্তি করে তাঁকে অভিযুক্ত করা যায় না। আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আরজি জানিয়ে অভিযোগের বিষয়ে শুনানি শেষ করে।আজহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে।