আজহারের উপস্থিতিতে তাঁকে নির্যাতন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১ ও ১২তম সাক্ষী যথাক্রমে সাখাওয়াত হোসেন রাঙ্গা ও রফিকুল ইসলাম নান্নু। তাঁরা সহোদর।
জবানবন্দিতে রফিকুল ইসলাম বলেন, একাত্তরে আজহারের উপস্থিতিতে অমানুষিক নির্যাতনে তিনি কর্মশক্তি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দুই ভাইয়ের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল।
জবানবন্দিতে ১২তম সাক্ষী রফিকুল বলেন, একাত্তরে তাঁরা রংপুর শহরের গুপ্তপাড়ায় বড় ভাই সাজ্জাদ জহিরের ভাড়া বাসায় থাকতেন। তখন তাঁর বয়স ছিল ১৭-১৮ বছর। তিনি ছাত্রলীগ করতেন। রংপুরের কারমাইকেল কলেজে যাতায়াতের সুবাদে জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা আজহারকে চিনতেন। রংপুর প্রেসক্লাবে পত্রিকা পড়তে গেলেও আজহারের সঙ্গে দেখা হতো। ১৯৭০ সালের নির্বাচনের পর রাজনৈতিক বিষয় নিয়ে আজহারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একাত্তরের মাঝামাঝি তাঁর ছোট ভাই (সাখাওয়াত) বাড়ির সামনে খেলছিলেন। এ সময় পাশ দিয়ে আজহার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে ছোট ভাই ‘জয় বাংলা’ বলে চিত্কার করলে আজহার তাঁকে জোরে চড় মারেন ও গালি দেন। আজহারের কাঁধে অস্ত্র ছিল। আজহার তখন রংপুর জেলা আলবদরের কমান্ডারও ছিলেন।
রফিকুল ইসলাম বলেন, একাত্তরের ১ ডিসেম্বর তিনি তাঁর ভাবির কাপড় নিতে শহরের বেতপট্টি মোড়ে গেলে কয়েকজন আলবদর তাঁকে ধরে মারধর করে হাত-পা বেঁধে পাশের রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আজহার আসেন। তাঁর নির্দেশে কয়েকজন আলবদর তাঁকে সেন্ট্রাল রোডে রংপুর কলেজের ছাত্রাবাসে আলবদর ক্যাম্পে নিয়ে পরিত্যক্ত টয়লেটে আটকে রাখা হয়। পরে আজহারের উপস্থিতিতে আলবদররা তাঁকে তিন-চার ঘণ্টা অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। আলবদররা তাঁকে মৃত ভেবে ফেলে রাখে। পরে সেখান থেকে তাঁর বড় ভাইয়ের ঘনিষ্ঠ এক অবাঙালি নাসিম ওসমানের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
জবানবন্দির এই পর্যায়ে রফিকুল ইসলাম অঝোরে কাঁদতে থাকেন। তিনি বলেন, ওই নির্যাতনের কারণে তিনি তেমন কোনো কাজ করতে পারেন না। তখন থেকে তিনি মানবেতর জীবন যাপন করছেন। তিনি শুনেছেন, ওই সময় রংপুর টাউন হলে নারীদের এনে নির্যাতন এবং রংপুরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডেও আজহার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী সাখাওয়াত হোসেনও জবানবন্দিতে একই ধরনের বর্ণনা দেন। তাঁদের আসামিপক্ষের জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।