আজহারের পক্ষে অভিযোগভিত্তিক যুক্তি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। আজ বুধবার আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। এ সময় আসামির কাঠগড়ায় আজহার হাজির ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী গতকাল আজহারের বিরুদ্ধে পঞ্চম ও ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি দেন। তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল ঝাড়ুয়ার বিল হত্যাকাণ্ডে এক হাজার ২০০ মানুষকে হত্যার অভিযোগে আসামির সংশ্লিষ্টতা আনা হয়েছে। আসামিপক্ষ ঝাড়ুয়ার বিলের হত্যাকাণ্ডকে অস্বীকার করে না। কিন্তু একটি পরিবারের দুজন সদস্যও যদি ওই ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলেও ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার আছে। রাষ্ট্রপক্ষ ওই ক্ষতিগ্রস্ত পরিবারের কাউকে সাক্ষী হিসেবে খুঁজে আনতে পারল না?
আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, রাষ্ট্রপক্ষ আজহারুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।