আজহারের পক্ষে যুক্তি দেওয়া চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামিপক্ষের দাবি, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনের ক্ষেত্রে আজহারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির। এ নিয়ে আসামিপক্ষ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করল।

ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়ে শাস্তি হয়েছে—এমন কয়েকটি রায়ের উল্লেখ করে শিশির মনির যুক্তি দিয়ে বলেন, এসব মামলায় আসামিরা যে পদে ছিলেন, একাত্তরে আজহারুল ইসলাম তেমন কোনো ঊর্ধ্বতন পদে ছিলেন না। এ জন্য তাঁর নির্দেশে অপরাধ সংঘটিত হওয়ারও কোনো সুযোগ নেই।

আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী নন, অথচ অন্যের কাছ থেকে শুনে দেওয়া সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা আরও নষ্ট হয়ে যায়, যখন ওই সাক্ষ্যে বৈপরীত্য থাকে। এ সময় রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এই সাক্ষীদের বক্তব্যে বৈপরীত্য আছে, তাই এটি বিশ্বাসযোগ্য নয়।

আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ছয় কার্যদিবসে আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে। পরে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।